ঢাকার নিউ মার্কেটের সংঘর্ষে আরেকজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের দোকানকর্মীদের দফায় দফায় সংঘর্ষের সময় আহত মোরসালিন (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি একটি দোকানের কর্মচারী ছিলেন। এই নিয়ে সংঘর্ষের ঘটনায় দুই জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোর ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি সংবাদ মাধ্যমকে বলেন, নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনায় মোরসালিন নামে এক যুবক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছিল। আজ ভোরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। হাসপাতালে সে লাইফ সাপোর্টে ছিল।
নিহত মোরসালিনের বড় ভাই নূর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, আমার ভাই মার্কেটে একটি রেডিমেট দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। গত মঙ্গলবার সকালে সংঘর্ষের সময় আমার ভাই গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক হলে তাকে জরুরি বিভাগে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে সেখান থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই মারা যায়।
মোরসালিন আমার ছোট ভাই, সে কামরাঙ্গীরচর থানার পশ্চিম রসুলপুর এলাকায় থাকত বলেও জানান বড় ভাই নূর মোহাম্মদ।
এর আগে সংঘর্ষের ঘটনায় আহত নাহিদ (১৮) নামে এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে মারা যান। তিনি একটি কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন। এছাড়া ঢাকা কলেজের এক শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন রাজধানীর স্কয়ার হাসপাতালে।
গত সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী ও ব্যবসায়ী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।
মঙ্গলবার সকালে আবারও সংঘর্ষে জড়ান শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। মুখোমুখি অবস্থান নিয়ে তারা ইট-পাটকেল ছুড়তে থাকেন। ছাত্রদের অনেকে হেলমেট পরে এবং লাঠি হাতে নিয়ে সংঘর্ষে জড়ান। ব্যবসায়ী-কর্মচারীরাও লাঠিসোটা ও লোহার রড নিয়ে ছাত্রদের ওপর হামলা চালানো শুরু করেন।
বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে গোটা নিউ মার্কেট ও সায়েন্সল্যাব এলাকায়। থেমে থেমে সারাদিন চলে রক্তক্ষয়ী সংঘর্ষ। এতে শতাধিক শিক্ষার্থী এবং প্রায় অর্ধশত ব্যবসায়ী-কর্মচারী আহত হন। দুই শিক্ষার্থীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।
সংঘর্ষের রেশ চলে বুধবার দিনভর। দুপুরে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেন ব্যবসায়ীরা। বিকেলে ব্যবসায়ীদের বক্তব্য প্রত্যাখান করে শিক্ষার্থীরা রাস্তায় নামেন। এরপর রাতে তারা সংঘর্ষের ঘটনায় পুলিশের ‘প্রশ্নবিদ্ধ’ ভূমিকায় সংশ্লিষ্ট ডিসি, এডিসি ও নিউ মার্কেট থানার ওসির প্রত্যাহারসহ ১০ দফা দাবি জানান।
এদিকে নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করেছে। মামলায় নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট এক হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কাইয়ুম।
তিনি বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে এজাহারে ২৪ জনের নাম উল্লেখ করা হয়। সেই সঙ্গে অজ্ঞাত হিসেবে ব্যবসায়ী ও কর্মচারী নাম দেওয়া হয়েছে এবং ঢাকা কলেজের ৭০০ জনকেও আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, বিস্ফোরকদ্রব্য আইনে করা আরেকটি মামলায় অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে বুধবার (২০ এপ্রিল) রাতে রাজধানীর সায়েন্স ল্যাবে অবস্থিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়, ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে মার্কেট খোলার সিদ্ধান্ত হয়। এরপর থেকে সবকিছু স্বাভাবিক। বৈঠক শেষে রাত ৪টায় সাংবাদিকদের এ তথ্য জানান মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক নেহাল আহমেদ। বৈঠকে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলেও রাস্তার দুই পাশেই পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রাখা হয়েছে সাঁজোয়া যান।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed