Main Menu

তামাবিলে বন বিভাগের ১৫ একর জমি উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সারী রেঞ্জের জাফলং বন বিটে প্রায় ১৫ একর জমি অবৈধভাবে দখল করে পাথর ডাম্পিং ইয়ার্ড স্থাপন করেছে কতিপয় ব্যবসায়ীরা। ২০২০-২০২১ অর্থ বছরে এই জমিতে প্রায় ২ হাজার গাছের চারা রোপন করা হয়, দখলকারীরা এই গাছগুলো উপড়ে ফেলে পাথর মজুদ রাখে।

সোমবার (১১ এপ্রিল) গোয়াইনঘাট থানা পুলিশের সহায়তায় অবশেষে বন বিভাগের জমি উদ্ধার করা হয়েছে। জমি দখলকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিট অফিসার প্রদীপ চন্ত্র মন্ডল।

স্থানীয় সূত্রে জানা যায়, পর্যটন এলাকা জাফলংসহ রাস্তার দু-পাশে এক সময় অসংখ্য ছোট-বড় স্টোন ত্রুাশার ছিল। ২০০৭ সাল থেকে বিভিন্নভাবে বন বিভাগ অভিযান পরিচালনা করে অধিকাংশ জমি উদ্ধার করতে সক্ষম হয়েছে। একই সাথে সামাজিক বনায়নে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য ফিরে পেয়েছে জাফলং। তামাবিল স্থল বন্দর দিয়ে প্রচুর ভারতীয় পাথর আমদানী করেন স্থানীয় ব্যবসায়ীরা। এসব পাথর সাময়িক সময়ের জন্য মজুদ রাখতে ও ডাম্পিং ইয়ার্ড করতে শুরু হয় বন বিভাগের জমি দখল।

এরই অংশ হিসেবে তামাবিলে বন বিভাগের জমি জবরদখল করে জাফলং কালিনগর গ্রামের আতাউর রহমানের ছেলে সাজ উদ্দিন (৪৫), মফিজ উদ্দিন (৩৫), রিয়াজ উদ্দিন (৩৮) ও হাশেম উদ্দিন (৩০)। তারা গত ১০ এপ্রিল গভীর রাতে বন বিভাগের এই জমির গাছের চারা উপড়ে ফেলেন এবং পাথর ফেলে জায়গাটি দখল করতে থাকেন।

খবর পেয়ে সোমবার সকাল ৭টা থেকে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নেয় ঘটনাস্থলে। এসময় দখলকারীরা বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার চেষ্টা করে। এক পর্যায় গোয়াইনঘাট থানার এসআই প্রলয় দাশের নেতৃত্বে একদল পুলিশের সহায়তায় পাথর অপসারণ করে জমি উদ্ধার করা হয়।

এসময় উপস্থিত সারী বন বিভাগের রেঞ্জ অফিসার সাদ উদ্দিন আহমদ বলেন, ২০২০-২০২১ সনে আমরা তামাবিল এলাকায় এই বাগানটি সৃজন করি। সম্প্রতি সাজ উদ্দিন ও তার ভাইয়েরা মিলে বাগানের প্রায় ২ হাজার গাছের চারা বিনষ্ট করে পাথর রেখে জমি দখল নেওয়ার চেষ্টা করে। আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় জায়গাটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। খুব শিগগিরই এই জায়গাটি আবারো সামাজিক বনায়নের আওতায় আনা হবে এবং দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed