Main Menu

কানাইঘাটে প্রতিপক্ষের হাতে যুবক খুন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে শাহেদ আহমদ (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউপির আগতালুক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহেদ আহমদ ওই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে। এসময় আহত হয়েছেন নিহত শাহেদের তিন সহোদরসহ চারজন।

আহতরা হলেন- শাহেদ আহমদের ভাই সুলতান আহমদ (৪৮), মস্তাক আহমদ (৩৫) ও সোহেল আহমদ (২৫) এবং তাদের চাচাতো ভাই আনছার উদ্দিন ((৫৫)।

আহত চারজনকেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সোহেল আহমদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন।

তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে আগতালুক গ্রামের জসিম মোল্লার পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে খুন হওয়া সাহেদ আহমদের পরিবারের বিরোধ চলে আসছিল। দুই বছর আগে দু’পক্ষের মধ্যে মারামারি হয়।

এরই জের ধরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাস্তা সংলগ্ন একটি কবরস্থানের পাশে ৮/১০ জন লোক দেশিয় অস্ত্র নিয়ে ওৎ পেতে ছিল। ঘটনার সময় শাহেদ আহদ স্থানীয় সীমারবাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার ঘটনা ঘটে। তাকে বাঁচাতে এগিয়ে আসা সহোদরদের কুপিয়ে জখম করা হয়।

হামলাকারীদের অস্ত্রের আঘাতে শাহেদ আহমদের মাথার খুলি ফেটে মগজ বেরিয়ে যায়। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগের পর শাহেদকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে রওয়ানা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত শাহেদ পেশায় একজন দিনমজুর এবং ৪ ছেলে সন্তানের জনক বলেও জানান তিনি।

স্থানীয় সূত্র জানায়, জমাজমা নিয়ে গোষ্ঠীগত বিরোধের জের ধরে হামলার এ ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের দেশিয় অস্ত্রের আঘাতে শাহেদ আহমদ নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশি অভিযান চলছে। তবে, এব্যাপারে কেউ অভিযোগও দায়ের করেনি বলেও জানান ওসি।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, পূর্ব বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুরো বিষয় খতিয়ে দেখতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Share





Related News

Comments are Closed