Main Menu

সিলেট জেলা বিএনপির কাউন্সিল ২৯ মার্চ

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২৯ মার্চ সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলের তারিখ পূননির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কাউন্সিলের উক্ত তারিখ পূননির্ধারণ করা হয়।

কেন্দ্রীয় নির্দেশনার আলোকে গেল ২১ মার্চের স্থগিত করা কাউন্সিল আগামী ২৯ মার্চ মঙ্গলবার সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। কাউন্সিলকে অবাধ ও সুষ্ঠু এবং সুন্দরভাবে সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।

এদিকে মনোনয়ন প্রত্যাহারের পুনঃঘোষিত বর্ধিত শেষ দিনে গত ২২ মার্চ সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। দলীয় নির্দেশনা অনুসারে তারা কোন উপজেলা ও পৌর ইউনিট বিএনপির সদস্য বা কাউন্সিলার না থাকায় কামরুল হাসান শাহীন ও শাকিল মোর্শেদের মনোনয়ন বাতিল করা হয়। তবে বুধবার পর্যন্ত তারা কেউ আপিল করেননি বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, গেল ২১ মার্চ কাউন্সিলের তারিখ ছিল। কিন্তু ২০ মার্চ কেন্দ্র থেকে কাউন্সিল স্থগিত ঘোষণা করা হয়। কাউন্সিলের ৭ দিন আগে ভোটার তালিকা চূড়ান্ত না করায় এই তারিখ পরিবর্তন করা হয়।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিতি থাকার কথা রয়েছে। এছাড়া বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুশদি লুনা কাউন্সিল উদ্বোধনের কথা রয়েছে। এছাড়া বিএনপি এবং বিভিন্ন সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও সিলেট বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

জেলা বিএনপির আসন্ন কাউন্সিলে ৩ পদে লড়বেন ৯ জন। প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ের লক্ষ্যে ২২ মার্চ মঙ্গলবার নির্বাচন কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল গফফারের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এডভোকেট এটিএম ফয়েজ, মঈনুল হক চৌধুরী, অধ্যাপিকা সামিয়া চৌধুরী ও শাহ জামাল নুরুল হুদা।

সভায় প্রার্থীদের নমিনেশন ফরম ও ভোটার তালিকা যাচাই-বাছাই শেষে সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক পদে আলী আহমদ, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মো. আব্দুল মান্নান ও আ ফ ম কামাল এবং সাংগঠনিক সম্পাদক পদে শামীম আহমদ, লোকমান আহমদ ও এডভোকেট এম মুজিবুর রহমান মুজিবের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। এছাড়া সভায় কোন উপজেলা ও পৌর ইউনিটের সদস্য না হওয়ায় সাধারণ সম্পাদক প্রার্থী কামরুল হাসান চৌধুরী শাহীন ও সাংগঠনিক সম্পাদক প্রার্র্থী শাকিল মোর্শেদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

এছাড়াও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সভাপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারের লিখিত আবেদন করলে সভায় তা গৃহীত হয়

সিলেট জেলার ১৮ উপজেলা ও পৌর ইউনিটের ১ হাজার ৮১৮ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে তাদের জেলার নতুন অভিভাবক নির্বাচিত করবেন।

Share





Related News

Comments are Closed