২৯ মার্চ হতে পারে সিলেট জেলা বিএনপির কাউন্সিল
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট জেলা বিএনপির কাউন্সিলের তারিখ ঠিক করা হয়েছে। কেন্দ্র থেকে আগামী ২৯ মার্চ সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এ সম্মেলন আয়োজনের মৌখিক নির্দেশনা প্রদান করা হয়েছে। তবে বুধবার রাত ১০টা পর্যন্ত কেন্দ্র থেকে লিখিত কোন নির্দেশনা পৌছেনি বলে জেলা বিএনপি সূত্রে জানা গেছে।
এদিকে মনোনয়ন প্রত্যাহারের পুনঃঘোষিত বর্ধিত শেষ দিনে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। দলীয় নির্দেশনা অনুসারে তারা কোন উপজেলা ও পৌর ইউনিট বিএনপির সদস্য বা কাউন্সিলার না থাকায় কামরুল হাসান শাহীন ও শাকিল মোর্শেদের মনোনয়ন বাতিল করা হয়। তবে বুধবার পর্যন্ত তারা কেউ আপিল করেননি বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, গেল ২১ মার্চ কাউন্সিলের তারিখ ছিল। কিন্তু ২০ মার্চ কেন্দ্র থেকে কাউন্সিল স্থগিত ঘোষণা করা হয়। কাউন্সিলের ৭ দিন আগে ভোটার তালিকা চূড়ান্ত না করায় এই তারিখ পরিবর্তন করা হয়। গত সোমবার রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আগামী ৩১ মার্চের মধ্যে কাউন্সিল সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। এর প্রেক্ষিতে বুধবার দুপুরে কেন্দ্র থেকে ২৯ মার্চ কাউন্সিল আয়োজনের জন্য মৌখিক নির্দেশনা দেয়া হয়। একই সাথে বিকেলের মধ্যে লিখিত নির্দেশনা প্রদানের জন্য বলা হয়। কিন্তু রাত ১০টা পর্যন্ত নির্দেশনার লিখিত কপি না আসায় ২৯ মার্চ কাউন্সিল হবে কিনা তা নিয়ে সন্দেহ থেকে যায়।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিতি থাকার কথা রয়েছে। এছাড়া বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুশদি লুনা কাউন্সিল উদ্বোধনের কথা রয়েছে। এছাড়া বিএনপি এবং বিভিন্ন সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও সিলেট বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
জেলা বিএনপির আসন্ন কাউন্সিলে ৩ পদে লড়বেন ৯ জন। প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ের লক্ষ্যে ২২ মার্চ মঙ্গলবার নির্বাচন কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল গফফারের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এডভোকেট এটিএম ফয়েজ, মঈনুল হক চৌধুরী, অধ্যাপিকা সামিয়া চৌধুরী ও শাহ জামাল নুরুল হুদা।
সভায় প্রার্থীদের নমিনেশন ফরম ও ভোটার তালিকা যাচাই-বাছাই শেষে সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক পদে আলী আহমদ, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মো. আব্দুল মান্নান ও আ ফ ম কামাল এবং সাংগঠনিক সম্পাদক পদে শামীম আহমদ, লোকমান আহমদ ও এডভোকেট এম মুজিবুর রহমান মুজিবের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। এছাড়া সভায় কোন উপজেলা ও পৌর ইউনিটের সদস্য না হওয়ায় সাধারণ সম্পাদক প্রার্থী কামরুল হাসান চৌধুরী শাহীন ও সাংগঠনিক সম্পাদক প্রার্র্থী শাকিল মোর্শেদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
এছাড়াও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সভাপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারের লিখিত আবেদন করলে সভায় তা গৃহীত হয়
সিলেট জেলার ১৮ উপজেলা ও পৌর ইউনিটের ১ হাজার ৮১৮ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে তাদের জেলার নতুন অভিভাবক নির্বাচিত করবেন।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed