Main Menu

জাবিতে ৫ দিনব্যাপী আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা শুরু

জাবি প্রতিনিধি: ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর সহযোগিতায় তৃতীয় বারের মতো আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ‘নেতৃত্বে নারী: কোভিড-১৯ বিশ্বে সমান ভবিষ্যৎ অর্জন।’ ১৬ মার্চ থেকে শুরু হয়ে ২০ মার্চ পর্যন্ত প্রতিযোগিতাটি চলমান থাকবে।

বুধবার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৫টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আয়োজন সম্পর্কে জেইউডিও-র সভাপতি ফারহান আনজুম করিম বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে নারী-পুরুষের সমতার বিধানে অবদান রাখতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এবারের প্রতিযোগিতাটি দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিযোগিতার প্রথম ভাগে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। যা অনুষ্ঠিত হবে ১৮ এবং ১৯ মার্চ। এ প্রতিযোগিতায় বিশ্বের ১৬টি দেশের প্রায় ২০০ জনের বেশি বিতার্কিক এবং বিচারক অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার দ্বিতীয় ভাগে আয়োজিত হবে ‘জাতীয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা’। যা অনুষ্ঠিত হবে ১৭ মার্চ।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক জিল্লাল হোসাইন সৌরভ, প্রতিযোগিতার আহ্বায়ক নূর আহম্মদ হোসেন, সহ-আহ্বায়ক তাপসী দে প্রাপ্তি, জাফর ইমাম ও রাতুল হোসেন এবং প্রেস এবং মিডিয়া সম্পাদক জাহিদুল ইসলাম নাবিল।

Share





Related News

Comments are Closed