সিলেটে ইয়াবা চালানের মামলায় ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে চাঞ্চল্যকর ইয়াবা চালান আটকের মামলায় দুই আসামির যাবজ্জীবন ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালত এর বিচারক মিজানুর রহমান ভুঞা এই মামলার রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন জকিগঞ্জ উপজেলার লক্ষীবাজার এলাকার পশ্চিম জামডহর গ্রামের আকতার আলীর ছেলে মোঃ আলী আহমদ ও বারহাল এলাকার মনতৈল গ্রামের মৃত রফিক আলীর পুত্র আব্দুস সালাম।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৫ই মে সন্ধ্যা ৬টায় সিলেট র্যাব ৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ উপজেলার বুরহানপুর এলাকায় আল হুমায়রা কমিউনিটি সেন্টারের সামনে থেকে উপজেলার লক্ষীবাজার এলাকার পশ্চিম জামডহর গ্রামের আকতার আলীর ছেলে মোঃ আলী আহমদ ও বারহাল এলাকার মনতৈল গ্রামের মৃত রফিক আলীর পুত্র আব্দুস সালাম কে সন্দেহজনক আটক করে। এ সময় তাদের দেহে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ৮ হাজার ৭০০ পিস ইয়াবার বিশাল চালান উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৩৯ লাখ (উনচল্লিশ লক্ষ) টাকা। এ ব্যাপারে ৬ মে ২০১৯ সালে জকিগঞ্জ থানায় র্যাব সিলেট ৯ এর এসআই আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ সালের ৩৬(১) এর টেবিল ১০(গ) ধারায় মামলা দায়ের করেন।
উক্ত মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ৩০ জানুয়ারি রবিবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালত এর বিচারক মিজানুর রহমান মিজান ভুঞা এই রায় ঘোষণা করেন।
এ সময় আদালতের এজলাসে আসামি আব্দুস সালাম উপস্থিত ও অপর আসামি আলী আহমদ পলাতক ছিলেন বলে নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী সৈয়দ আনোয়ারুল ইসলাম।
চাঞ্চল্যকর এই মামলার রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের এপিপি এডভোকেট সুফিয়া মালেকা পারভীন বানু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন । তিনি বলেন, এই মামলার রায়ে সর্বোচ্চ শাস্তি প্রদান করেছেন আদালত, আমরা এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছি। এ রায় একটি দৃষ্টান্ত হিসেবে থাকবে।
আসামি পক্ষের আইনজীবী হিসেবে এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট আলী মর্তুজা কিবরিয়া।
Related News
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More



Comments are Closed