শাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
শনিবার (১৫ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের গোল চত্বরে ছাত্র উপদেষ্টা অধ্যাপক জহির উদ্দিন আহমেদ এবং প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবিরের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটে। এসময় আন্দোলনে সংহতি জানাতে যাওয়া ১০-১২ জন শিক্ষার্থীকে বেধড়ক মারধর করা হয়। হামলাকারীদের হাত থেকে তাদের বাঁচাতে গিয়ে হেনস্তার শিকার হন আন্দোলনরত কয়েকজন ছাত্রী।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ- কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতা ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার নেতৃত্বে এ হামলা চালানো হয়।
ছাত্রলীগ নেতা আশরাফ কামাল আরিফ বলেন, ‘আমরা একটা অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে গেলে তারা বাধা দেয়। তখন এ নিয়ে আমাদের সঙ্গে একটু হাতাহাতি হয়। ’
প্রক্টর আলমগীর কবির বলেন, ‘একটি অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে সেখানে কয়েকজন শিক্ষার্থী যান। আন্দোলনরত শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স যেতে বাধা দিলে একটু হাতাহাতি হয়।
আন্দোলনের নেতৃত্ব দেওয়া ১৬-১৭ সেশনের শিক্ষার্থী সাদিয়া বলেন, ‘প্রথমে একটা অ্যাম্বুলেন্স আসলে আমরা সেটাকে পথ করে দিই। পরবর্তীতে আরেকটা অ্যাম্বুলেন্স আসলে আমরা সেটাকেও পথ করে দিই। কিন্তু অ্যাম্বুলেন্সের পেছন পেছন এসে ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলরতদের মাঝে ঢুকে পড়ে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘এসময় তারা কয়েকজন ছাত্রীকে ধাক্কা দেয়। একপর্যায়ে আন্দোলনে সংহতি জানাতে আসা ১০-১২ জন ছাত্রকে তারা বেধড়ক মারধর করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ছাত্র উপদেষ্টার উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটে। ’
এ ঘটনায় শনিবার রাত ৮টা পর্যন্ত ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
এর আগে গত বৃহস্পতিবার রাত ৯টা থেকে ৩টা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীরা। এ নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে আসছিলেন তারা।
Related News
গোলাপগঞ্জে ট্রাক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ট্রাক শ্রমিক উপ-কমিটির শ্রমিকরা অবৈধ ব্যাটারিচালিত ভ্যানগাড়ি বন্ধের দাবিতেRead More
সেপ্টেম্বর মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৬ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দূর্ঘটনায় প্রানহানি কমেছে। সেপ্টেম্বরRead More



Comments are Closed