Main Menu

জৈন্তাপুর উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ভাল না থাকলে বাংলাদেশ ভালো থাকেনা। তাই আমরা কেউ ভাল নেই। আওয়ামী ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসার পর বিএনপি ও জিয়ার পরিবারের উপর ব্যাপক জুলুম নিপীড়ন চালিয়ে আসছে। সকল জুলুম নিপীড়ন উপেক্ষা করে বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে সাজা দেয়া হয়েছে। গুরুতর অসুস্থ নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সরকার টালবাহানা করে তাকে ক্রমশই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমন অবস্থায় ঘরে বসে থাকার অবকাশ নেই। আওয়ামী ফ্যাসিবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় তৃনমূল বিএনপিকে সুসংগঠিত করতে কাউন্সিলের আয়োজন করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কাউন্সিল সমূহ সফল ও সার্থক করতে হবে।

সোমবার (১০ জানুয়ারী) বিকেলে উপজেলার দরবস্ত বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

উপজেলা বিএনপির আহবায়ক এ বি এম জাকারিয়া’র সভাপতিত্বে ও দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহারের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।

কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল মান্নান, মামুনুর রশিদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, শামীম আহমদ।

বিএনপি নেতা হাফিজ জালাল মেম্বারের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা কামরুল হাসান শাহীন, জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, সাবেক সহ-কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ সারওয়ার রেজা, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ শফি সাহেদ, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম, যুবদল নেতা শাহেদ আহমদ ও শিফু আহমদ প্রমূখ।

কাউন্সিলে গোপন ভোটের মাধ্যমে সভাপতি পদে আব্দুর রশিদ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক পদে আব্দুল হাফিজ ও সাংগঠনিক সম্পাদক পদে ইমতিয়াজ আলী নির্বাচিত হন। এছাড়া কাউন্সিলে সর্বসম্মসতিক্রমে আব্দুল আহাদকে সিনিয়র সহ-সভাপতি ও মামুনুর রশীদকে ১ম যুগ্ম সম্পাদক করে জৈন্তাপুর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

Share





Related News

Comments are Closed