Main Menu

বড়লেখায় কৃষককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে পরাজিত মেম্বার প্রার্থী বেলাল আহমদের বড়ভাই কৃষক হেলাল উদ্দিন (৫৫)কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এর জেরে উভয়পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার তালিমপুর ইউনিয়নের খুঁটাউরা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন ওই গ্রামের মৃত ছখাওত আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য বেলাল আহমদের ভাই।

হত্যার ঘটনায় অভিযুক্ত চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে থেকে দুজনকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- খুটাউরা গ্রামের হিফজুর রহমান (২৫), নাজিম উদ্দিন (৩২), ছফর উদ্দিন (৩৫) ও ছাদিকুর রহমান (২০)। সন্ধ্যায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

পুলিশ, হাসপাতাল ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, তালিমপুর ইউনিয়নের খুঠাউরা গ্রামের পরাজিত ইউপি মেম্বার প্রার্থী বেলাল আহমদের ছেলে নয়ন আহমদ নোশাদ বাড়ির পাশের রাস্তায় দাঁড়ানো ছিল। বিজয়ী ইউপি মেম্বার শাহীন আহমদের স্বজন আরজান আলী কটাইর ছেলে ছাদিকুর রহমান ও সফর উদ্দিন দ্রুতবেগে মোটরসাইকেল নিয়ে নোশাদকে চাপা দেয়ার চেষ্টা চালায়। ঘটনার প্রতিবাদ করলে তারা রাস্তার পাশের বেড়ার বাঁশ তুলে নোশাদকে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে নোশাদের চাচা হেলাল উদ্দিন মাঠ থেকে বাড়ি ফেরার পথে মেম্বার শাহীন আহমদের ভাই আজিদ আলী, সফর উদ্দিন ও ছাদিকুর রহমানের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন দা দিয়ে কুপিয়ে হেলাল উদ্দিনকে মারাত্মক জখম করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় কৃষক হেলাল উদ্দিনের।

এদিকে ঘটনার জেরে উভয়পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে শেখ ফরিদ (৪৫), নয়ন আহমদ (১৫), শাহ আলম (২৩), রাজু আহমেদ (১৪), নাজিম উদ্দিন (৩২), হিফজুর রহমান (২৫), ছাদিকুর রহমান (২০), ছফর উদ্দিন (৩৫) সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বড়লেখা উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহত হেলাল উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।’

 

Share





Related News

Comments are Closed