Main Menu

সিলেটে ৩টি পিকআপভর্তি ভারতীয় টমেটো ও কমলা জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৩ লাখ ৬৯ হাজার ৮৬০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় টমেটো ও কমলাসহ তিনটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।

শনিবার(১৪ নভেম্বর) ভোররাত ৩টা ৪৫ মিনিটে এয়ারপোর্ট থানাধীন মহালদিক এলাকার তাজ ভ্যারাইটিজ স্টোরের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনাকালে এসব পণ্য জব্দ করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার এএসআই (নিঃ) বিদ্যা সাগর দেববর্মা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় কোম্পানীগঞ্জ থেকে সাহেব বাজারগামী দুটি ডিআই পিকআপ ও একটি এইচ মিনি পিকআপকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু চালকরা পুলিশের সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের পিছু ধাওয়া করলে চালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা গাড়িগুলো সড়কের পাশে ফেলে পালিয়ে যান।

পরবর্তীতে পুলিশ পরিত্যক্ত গাড়িগুলো তল্লাশি করে রেজিস্ট্রেশনবিহীন একটি ডিআই পিকআপ, ঢাকা মেট্রো-ন-১৩-৪৭৫৯ নম্বরের একটি ডিআই পিকআপ এবং ঢাকা মেট্রো-ন-১৯-৯৫২৯ নম্বরের একটি এইচ পিকআপ থেকে ৩ হাজার ৯৯৮ কেজি অবৈধ ভারতীয় টমেটো ও ৩০০ কেজি ভারতীয় ছোট কমলা উদ্ধার করে। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬৯ হাজার ৮৬০ টাকা।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৮, মামলাটি দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ২৫(১)(বি)/২৫ডি ধারায় রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed