Main Menu

গোলাপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের, গ্রেপ্তার ৬

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে প্রেম নিবেদনে আপত্তি নিয়ে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সত্তরোর্ধ এক ব্যক্তি। আহত হয়েছেন অন্তত ১৫ জন। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া গ্রামে উচাবাড়ী মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকার মরহুম তফই আলীর ছেলে আসাদ আলীর (২৩) সাথে একই এলাকার এক কিশোরীর (১৮) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানাজানির পর এ নিয়ে উভয় পক্ষের স্বজনদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতে উচাবাড়ী মসজিদ প্রাঙ্গণ দিয়ে আসাদ আলী যাওয়ার পথে মেয়ের স্বজন তার গতিরোধ করে। ওই বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় মরহুম আওলাদ আলীর ছেলে ছলমান আলী (৭১) নামে সত্তরোর্ধ এক বৃদ্ধ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫জন লোক আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে আফতাব আলী (৫০) ও লায়েক আহমদ (৩০) নামে আহত দুইজন পুলিশ পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক ডা. নুপুর চক্রবর্তী।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ৬জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ফের কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। গ্রেফতার হওয়া আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed