Main Menu

সিলেটে সার্ভার হ্যাক করে মোবাইলে টিকার বার্তা!

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একটি চক্র সার্ভার হ্যাক করে করোনার টিকার প্রথম ডোজের জন্য প্রায় দেড় শতাধিক মানুষকে মডার্নার প্রথম ডোজের জন্য মোবাইলে ম্যাসেজ পাঠিয়েছে।

গত শুক্রবার (১৩ আগস্ট) দিবাগত রাতের কোন একসময় সার্ভার হ্যাক করা হলে শনিবার (১৪ আগস্ট) সকালে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোতোয়ালী থানায় সাধারণ ডায়রি আবেদন করা হয়।

রোববার সন্ধ্যায় সিসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে কে বা কারা এ কাজ করেছে তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে শুক্রবার রাতে সার্ভার হ্যাক করে দেড় থেকে দুইশত মানুষকে টিকা গ্রহণের ম্যাসেজ পাঠানো হলে শনিবার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের টিকাকেন্দ্রে কিছু মানুষ টিকা নিতে জড়ো হন। কিন্তু তাদের কাউকে টিকা দেওয়া হয়নি বলে জানান সিসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।

শুক্রবার রাতে হ্যাক হলেও শনিবার সকালে বিষয়টি ধরা পড়ার পর পরই ঢাকায় অবগত করে আইডি বন্ধ করে নতুন আইডি চালু করা হয় বলেও জানান তিনি।

ডা. জাহিদুল ইসলাম বলেন, একই সার্ভার দিয়ে বেশ কয়েক জায়গায় বসে কাজ হয়। এজন্য হয়ত কোনভাবে কিছু হতে পারে। তবে চক্রটি শনাক্ত করতে চেষ্টা চলছে।

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, এ ঘটনায় জিডি হয়েছে। এটার তদন্ত চলছে। কারা এটা করেছে তা বের করার চেষ্টা চলছে।

Share





Related News

Comments are Closed