Main Menu

তালেবান যোদ্ধারা কাবুলের চারদিক দিয়ে শহরে ঢুকছে

আন্তর্জাতিক ডেস্ক: তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকতে শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে ঢোকার পথে তালেবানকে বড়ধরনের কোন বাধার মুখে পড়তে হয়নি।

তালেবান এক বিবৃতি দিয়ে জানিয়েছে তারা তাদের যোদ্ধাদের রাজধানীর প্র্রত্যেকটা প্রবেশ মুখে প্রস্তুত থাকতে বলেছে। কাবুল বেসামরিক মানুষের ঘনবসতিপূর্ণ শহর হওয়ায় এই শহরে লড়াইয়ের ঝুঁকি সম্পর্কে যোদ্ধাদের তালেবান সতর্ক করেছে।

তালেবান এই বিবৃতিতে বলেছে তারা জোর করে কাবুল দখল করতে চায় না।

এই বিবৃতিতে আফগান জনগণকে দেশে থাকার আহ্বান জানিয়েছে তালেবান। তারা জোর দিয়ে বলেছে তালেবান চায় দেশের “সর্ব স্তরের সব পেশার মানুষ দেশটির ভবিষ্যত ইসলামী শাসনপদ্ধতির সাথে যুক্ত হোক। দেশটিতে সকলের কাছে গ্রহণযোগ্য একটি দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত হোক।”

কাবুল থেকে অবশ্য গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে বলে রিপোর্ট আসছে এবং খবর আসছে যে তালেবান যোদ্ধাদের পতাকা হাতে রাস্তায় দেখা যাচ্ছে।

তালেবান যখন কাবুল শহরের প্রবেশপথগুলোতে অবস্থান নিয়েছে – সে সময় প্রেসিডেন্ট আশরাফ গানি এক জরুরি বৈঠক করছেন মার্কিন দূত জালমে খলিলজাদ এবং নেটো জোটের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সাথে।

Share





Related News

Comments are Closed