Main Menu

২০২৭ সালের রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৭ সালের ধর্মীয় ছুটির দিন ও মূল ধর্মীয় অনুষ্ঠানগুলোর তারিখ ঘোষণা করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। আগামী বছরের ৮ ফেব্রুয়ারি শুরু হবে পবিত্র রমজান মাস।

সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাজইনফর্ম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

ইসলামিক বর্ষপঞ্জি অনুযায়ী, ২০২৭ সালে পবিত্র রমজান মাস শুরু হবে ৮ ফেব্রুয়ারি। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ৯ মার্চ পালিত হবে ঈদুল ফিতর। রমজান মাসের অন্যতম পবিত্র রাত ‘লাইলাতুল কদর’ (শবে কদর) ২০২৭ সালের ৫ মার্চ দিবাগত রাতে পালিত হবে।

আগামী বছর ঈদুল আজহা (কোরবানির ঈদ) ১৬ মে থেকে ১৮ মে পর্যন্ত তিন দিনব্যাপী উদযাপিত হবে। এর আগের দিন, অর্থাৎ ১৫ মে পালিত হবে আরাফাতের দিন।

ক্যালেন্ডারে হিজরি সনের অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৪-৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২-২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হবে।

১৫ জুন আশুরা এবং ১৪-১৫ আগস্ট মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী বা ঈদে মিলাদুন্নবী পালিত হবে। এছাড়া ২০২৭ সালের ২৪-২৫ ডিসেম্বর শবে মেরাজের আরেকটি তারিখ উল্লেখ করা হয়েছে।

কাজাখস্তানের মুসলিম ধর্মীয় প্রশাসন জানিয়েছে যে, নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ধর্মীয় উৎসব ও দিবসগুলোর নির্ধারিত তারিখ এক দিন আগে-পরে হতে পারে।

এর আগে জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ওপর ভিত্তি করে ইতোমধ্যে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।

উল্লেখ্য, ২০২৬ সালে পবিত্র রমজান মাস ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৯ মার্চ পর্যন্ত স্থায়ী হয়েছিল এবং ঈদুল ফিতর পালিত হয়েছিল ২০ মার্চ।

Share





Related News

Comments are Closed