Main Menu

সিলেটে আইসিইউ বেড সংকট, রোগি নিয়ে স্বজনদের দৌড়ঝাপ

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনায় আক্রান্ত রোগির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রতিদিনই সিলেটের হাসপাতালে নাম তালিকাভুক্ত করছেন কোভিড আক্রান্তদের স্বজনরা। সংশ্লিষ্ট হাসপাতালের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানায়, সিলেটে সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় ৮শ’টি কোভিড বেড রয়েছে। সবমিলিয়ে আইসিইউ বেড রয়েছে ১২৭টি। এর মধ্যে সরকারিভাবে শামসুদ্দিন হাসপাতালে ১৬টি, ওসমানী হাসপাতালে ৮টি এবং মৌলভীবাজার হাসপাতালে ৬টি আইসিইউ বেড রয়েছে। এছাড়া, বেসরকারি হাসপাতালে কোভিড বেড রয়েছে-৯৭টি। কিন্তু বর্তমানে কোথাও বেড খালি নেই।

মঙ্গলবার শহীদ ডা: শামসুদ্দিন হাসপাতালে আইসিইউ ইনচার্জ ডা: হোসেন আহমদ রুবেল জানান, ভর্তি হতে না পেরে কেউ কেউ হাসপাতালগুলোতে নাম নিবন্ধন করাচ্ছেন-সিট খালি হলে বেড পাওয়ার আশায়। এছাড়া, একই পরিবারের আক্রান্তদের একই কেবিনে ভর্তি করা হচ্ছে।

মাউন্ট এডোরা হাসপাতাল, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালসহ আরো কয়েকটি হাসপাতালে আইসিইউ বেডের জন্য রোগীদের নিবন্ধন করা হচ্ছে।

সিলেটের একটি বেসরকারি হাসপাতালের কোভিড ইউনিটের সাথে সম্পৃক্ত একজন সিনিয়র চিকিৎসক জানান, তাদের হাসপাতালে আইসিইউ’র জন্য প্রচন্ড চাপ। ১টি আইসিইউ বেডের বিপরীতে চাহিদা তিনটি। এ প্রসঙ্গে ওই চিকিৎসক আরো বলেন, এ রকম পরিস্থিতি তিনি আগে কখনো দেখেননি।

সিলেটের বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ও মাউন্ট এডোরা হাসপাতালের সাথে সম্পৃক্ত ডা: আখলাক আহমদ জানান, পরিস্থিতি এমন যে, আইসিইউ সিট খালি না পেয়ে অনেক রোগীকে ফিরে যেতে হচ্ছে।

সিলেট বেসরকারি হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম আহমদ সংবাদ মাধ্যমকে জানান, সরকারি-বেসরকারি সব হাসপাতালেরই একই অবস্থা। বর্তমানে কোথাও সিট খালি নেই। পরিস্থিতি মোকাবেলার জন্য দ্রুত সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য তার।

সিলেটে করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: শাহেদ আহমদ জানান, সিলেটে উপসর্গ আসার পর অনেক রোগী নমুনা পরীক্ষা করেননি। আর এসব রোগীর ক্ষেত্রে আইসিইউ সাপোর্ট বেশী লাগছে বলে জানান তিনি।

 

Share





Related News

Comments are Closed