Main Menu

কঠোর লকডাউনে জনশূন্য সিলেটের সড়ক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত।

বিধিনিষেধের প্রথম দিনে সিলেট নগরের সড়কে সরব ছিল পুলিশ। ফাঁকা দেখা গেছে সকল রাস্তা। সকাল থেকেই বন্ধ ছিল সব ধরনের গণপরিবহনের চলাচল। সেই সঙ্গে কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া প্রায় সব ধরনের দোকান বন্ধ রয়েছে।

সকাল থেকে নগরীর ব্যস্ততম জিন্দাবাজার, বন্দরবাজার, শিবগঞ্জ, আম্ভরখানা, মদিনামার্কেট, কদমতলী ও সুবহানীঘাট বাণিজ্যিক এলাকাসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে পুরোপুরি জনশূন্য নগরীর চিত্র পরিলক্ষিত হয়েছে। সরকারের আহ্বানে সকল নগরবাসী এখন ঘরে বন্দি। শহরের রাস্তাঘাটে নেই কোনো যানবাহন, নেই জনমানুষের চলাচল।

তবে দীর্ঘ সময় পর পর কখনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, অ্যাম্বুলেন্স কিংবা জরুরি খাদ্যপণ্যবাহী গাড়ি চলাচল করতে দেখা যায়। নগরীতে সীমিত সংখ্যায় চলাচল রয়েছে গণমাধ্যম কর্মী, স্বাস্থ্য কর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী গাড়ি। দ্বিতীয়দফা কঠোর লকডাউনে জনশূন্য ও যানশূন্য এক অচেনা নগরীতে পরিণত হয়েছে সিলেট।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, করোনা থেকে সাধারণ মানুষের সুরক্ষায় মাঠে থেকে দায়িত্ব পালন করছে পুলিশ। সাধারণ মানুষ যাতে লকডাউনে অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হয় সে ব্যাপারে কঠোর ভাবে সতর্ক রয়েছে পুলিশ।

তিনি আরও জানান, সকাল থেকে সিলেট নগরীতে জরুরি সেবার আওতাভুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। সাধারণ মানুষজনও রাস্তায় নেই। আন্তঃজেলা সড়ক-মহাসড়কেও কোনো যানবাহন চলছে না। লকডাউন অমান্য করে এখন পর্যন্ত কাউকে বাসার বাইরে বের হতে দেখা যায়নি।

এদিকে, শহরের বাইরে সিলেট জেলার বিভিন্ন উপজেলাতেও কঠোরভাবে লকডাউন মানছে সাধারণ মানুষ।

 

Share





Related News

Comments are Closed