Main Menu

সিলেটে হোটেল হিলটাউন ও রেইনবোকে দেড় লাখ টাকা জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনা সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ চলাকালে স্বাস্থ্যবিধি না মেনে বিয়ের আয়োজন করায় সিলেট নগরের দুটি হোটেলকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (২৫ জুন) দুপুরে নগরের তালতলা এলাকার হোটেল হিলটাউনকে এক লাখ টাকা ও মিরবক্সটুলা এলাকার রেইনবো গেস্ট হাউসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিয়ের আয়োজনের সাথে জড়িত আরেক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা করা হয়।

মো. মেজবাহ বলেন, সারাদেশেই এখন করোনার সংক্রমণ বাড়ছে। করোনা ঠেকাতে দেশে বিধিনিষেধ জারি রয়েছে। এই সময়ে কোনো ধরণের জনসমাগম না করার নির্দেশনা রয়েছে। অথচ হোটেল হিলটাউন ও রেইনবোতে বহু লোক জমায়েত করে বিয়ের আয়োজন করা হয়েছিলো। যেখানে স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছিলো না।

তিনি বলেন, জেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান চালায়। অভিযানে স্বাস্থ্যবিধি না মেনে শতাধিক লোক সমাগম করায় দুটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

Share





Related News

Comments are Closed