Main Menu

সিলেটে ৫ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। সোমবার (৭ জুন) সকালে নগরীর কাজিটুলার ঊঁচাসড়কস্থ বি/৫ নং ৫তলা বাসার নিচ থেকে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর দুপুর দেড়টার দিকে ওই যুবকের মৃত্যু হয়। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।

নিহত রাবিদ আহমদ নাজিম (২৭) সিলেটের শাহপরাণ থানাধীন পিরেরবাজার এলাকার আটগাও কেউয়া গ্রামের নুর মিয়ার ছেলে।

নাজিমের ভাই জামিল আহমদ জানান, আজ সকালে আমার বাবাকে কাজিটুলা থেকে কে বা কারা ফোন করে বলেন- আমার ভাই নাজিম পাঁচতলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছে। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে আমরা দ্রুত ওসমানী হাসপাতালে এসে আমার ভাইকে মৃত দেখতে পাই। এর আগে গতকাল রোববার রাতে কে বা কারা আমার ভাইকে ফোন করে কাজিটুলায় নিয়ে আসে। রাতে আর সে বাড়ি ফেরেনি। রাতে তার ফোনও বন্ধ ছিলো। এখনও বিস্তারিত কিছু জানি না।

মৃত্যুর পর নাজিমের চাচা আলাউদ্দিন বলেন, এই বাসায় আমার ভাতিজা নাজিম ভাড়া থাকতো সেটি জানতাম না। নাজিম বিবাহিত, তার দুটি সন্তানও রয়েছে। বিবাহিত জীবনে সে অসুখি ছিলো না। কী কারণে আমার ভাতিজাকে মৃত্যুবরণ করতে হলো তা খতিয়ে দেখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি। এ ঘটনা খুন হলে খুনিদের শাস্তি দাবি করেন নাজিমের চাচা আলাউদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিম ঊঁচাসড়কস্থ বি/৫ নং ৫ তলা বাসার পঞ্চম তলায় খালাতো ভাই-বোনের সঙ্গে বাসা ভাড়া নেন। সেখানে তিনি প্রায়ই রাত কাটাতেন।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আবু ফরহাদ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলও পরিদর্শকন করেছে। তবে এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি হত্যা তা এখনই বলা যাচ্ছে না।

নাজিমের ফ্ল্যাট থেকে বেশকিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

 

Share





Related News

Comments are Closed