Main Menu

ছাতকে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩৫

ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষেরই অন্তত ৩৫ জন আহত হন, এর মধ্যে ১০ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে গত শুক্রবার জুমার নামাজের সময় মসজিদের নামাজে কাতারে দাঁড়ানো নিয়ে বাকবিতন্ডার জেরে বিরোধ, আর এ বিরোধের জেরে দুই পক্ষ জড়ায় সংঘর্ষে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ আদায় করতে গিয়ে লাইনে দাঁড়ানো নিয়ে মসজিদের অভ্যন্তরেই সাউদেরগাঁও গ্রামের মৃত কলমদর খানের পুত্র দৌলত খান ও মৃত রশিদ মিয়ার পুত্র আজাদ মিয়ার মধ্যে কথা কাটা-কাটি হয়। এতে দুই পক্ষের লোকজনের মধ্যে বিরোধ লাগে। এর জেরে সোমবার তারা সংঘর্ষে জড়ান।

খবর পেয়ে জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে নারীসহ অন্তত ৩৫ ব্যক্তি আহত হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed