Main Menu

১২০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’

বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘নিভার’ পশ্চিম-উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এটি ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতি নিয়ে ২৫ নভেম্বর বুধবার বিকেল নাগাদ ভারতের তামিলনাডু ও পুদুচেরি উপকূলে আছড়ে পড়বে।

মঙ্গলবার ভারতের আবহাওয়া অধিদফতরের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানায়, ঘূর্ণিঝড়টি পুদুচেরি থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং চেন্নাই থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।

আবহাওয়া অফিস জানায়, শক্তি সঞ্চয় করে ‘প্রবল ঘূর্ণিঝড়ের’ রূপ নিয়ে বুধবার বিকেলের দিকে মামাল্লাপুরম এবং কারাইকলের মাঝে আছড়ে পড়তে পারে ‘নিভার’।

ওই সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার।

এদিকে পুদুচেরিতে আগামী তিন দিনের জন্য ১৪৪ ধারা করেছে প্রশাসন। বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে তামিলনাড়ু। সেখানে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির মোকাবিলা এবং উদ্ধারকাজের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ৩০টি দল প্রস্তুত রাখা হয়েছে। তাদের মধ্যে ১২টি দল তামিলনাড়ু এবং পুদুচেরিতে আগে থেকেই মোতায়েন করা হয়েছে বলে এনডিআরএফ জানান।

কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তামিলনাড়ুতে আন্তঃজেলা বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

ঘুর্ণিঝড়ের প্রভাবে তামিলনাডু উপকূলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। খুব প্রয়োজন ছাড়া জনসাধারণকে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed