Main Menu

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল ১৪ অতিথির

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড়ে বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসযাত্রী ও ৬ শিশুসহ ১৪ জনের প্রাণহানি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাতে প্রতাপগড়ের প্রয়াগরাজ-লখনউ হাইয়ের ওপর মানিকপুকুর থানা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, হাইওয়ের ওপর একটি ট্রাক পার্ক করা ছিল। বৃহস্পতিবার গভীর রাতে বিয়েবাড়ি থেকে ফেরা মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ১৪ যাত্রী মারা যান।

শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নবাবগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। সেখান থেকেই বিয়েবাড়ির আমন্ত্রিতদের নিয়ে ফিরছিল মাইক্রোবাসটি।

তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও স্পষ্ট নয় পুলিশ। রাতের কুয়াশায় দূর থেকে ট্রাকটিকে দেখতে না পাওয়ার কারণে, অথবা চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে এ দুর্ঘটনা কিনা- সেটি খতিয়ে দেখছে পুলিশ।

পাশাপাশি দুর্ঘটনার সময় মাইক্রোবাসের গতি কত ছিল, রাতের ফাঁকা রাস্তায় বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে কিনা- সে বিষয়গুলো খুঁজে বের করার চেষ্টা চলছে।

Share





Related News

Comments are Closed