Main Menu

জকিগঞ্জে ছেলের হাতে বৃদ্ধা মা খুন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জে বিদেশ ফেরত ছেলের হাতে ছয়রুন বেগম (৬৫) নামের এক বৃদ্ধা খুন হয়েছেন। উপজেলার বিরশ্রী ইউনিয়নের বিপকগ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক ঘাতক ছেলে আবিদ হোসেনকে বটি দাসহ আটক করেছে। এ ঘটনায় বৃদ্ধার মেয়ে রুসনা বেগম বাদী হয়ে ভাইকে আসামী করে মামলার প্রস্তুতি চলছে।

জানা গেছে, পারিবারিকভাবে ঝগড়া করে সোমবার রাত ১০ টার দিকে ছয়রুন বেগমকে তার একমাত্র ছেলে আবিদ হোসেন (৩০) বটি দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টার দিকে বৃদ্ধা মারা যান।

স্থানীয় ইউপি সদস্য মুহিবুর রহমান জানিয়েছেন, আবিদ হোসেন বিদেশ ফেরত। প্রায় সময় সংসারে ছেলে ও মায়ের মাঝে ঝগড়া হতো। এ ঝগড়াকে কেন্দ্র করেই বটি দা দিয়ে মায়ের উপর আক্রমণ চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে আবিদ।

জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুশংকর পাল জানান, ঘাতক ছেলেকে বটি দাসহ আটক করা হয়েছে। ময়নাতদন্ত করে বৃদ্ধার লাশ দাফন করা হবে। নিহত ছয়রুন বেগমের মেয়ে রুসনা বেগম বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed