Main Menu

‘যতবারই টাকা ধরবেন ততবারই হাত ধুতে হবে’

বৈশাখী নিউজ ডেস্ক: ‘মানিব্যাগে টাকা থাকলে তেমন সমস্যা হবার কথা নয়। তবে যতবারই টাকা ধরবেন, মানিব্যাগ ধরবেন ততবারই হাত ভালো করে ধুতে হবে এটাই সমাধান বলে জানিয়েছেন মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ও জেলার করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. তউহীদ আহমদ।

নিজের অজান্তে টাকার মাধ্যমেও কোভিট-১৯ ছড়ানোর শঙ্কা রয়েছে। কিন্তু টাকার ব্যবহার ছাড়া তো আমাদের উপায়ও নেই। লকডাউনের মধ্যেও অতি জরুরি ওষুধ বা নিত্যপ্রয়োজনীয় কোনো কিছু কিনতে হলেই টাকার ব্যবহার আমাদের করতেই হচ্ছে। এজন্য টাকা ব্যবহারের ক্ষেত্রে রয়েছে বিশেষ পদ্ধতি ও নিরাপত্তার কৌশল। এ বিশেষ পদ্ধতি ও নিরাপত্তার কৌশলের সফল ব্যবহার করলেই আমরা রক্ষা পেতে পারি করোনা সংক্রমণের হাত থেকে।

তিনি বলেন, টাকার উপরে করোনা আক্রান্ত ব্যক্তি যদি হাঁচিকাশি দেয় তাহলেই বিপদ। এ সংক্রমণটা মূলত ছড়ায় হাঁচিকাশি ও স্পর্শ থেকে। সাধারণ মানুষতো অনেক ক্ষেত্রে টাকা গুণার সময় হাঁচিকাশি দেয়। আবার কারো কারো বদ অভ্যাস আছে টাকা গুণার সময় তার মুখের লালা দিয়ে গুণতে থাকে। এগুলোই আতঙ্কের বিষয়।

সতর্কতার কথা উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতি থেকে বাঁচার উপায় হলো- টাকা গুনার পর নিজের মুখে হাত না দিয়ে যত দ্রুত সম্ভব হাত সাবান বা হ্যান্ডসেনিটাইজার দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। টাকা পরিষ্কার করে লাভ নেই। আমাদের হাত ভালো করে পরিষ্কার করার মাধ্যমেই রয়েছে আমাদের বাঁচার পথ।

‘আমরা সারাদিনে টাকা হয়তো দুই থেকে তিন বার ধরবো বা ক্ষেত্র বিশেষে তার বেশিও হতে পারে। কিন্তু টাকা স্পর্শ করার পরই ভালোভাবে হাত ধুতে হবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এবং এটি সব সময়ই আমাদের মনে রাখতে হবে।’

Share





Related News

Comments are Closed