Main Menu

সিলেটে আরো ১১৫ জন শনাক্ত, মোট আক্রান্ত ২২৬

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে করোনাভাইরাসে আরও ১৬ জন আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

এ নিয়ে সর্বশেষ হিসেব অনুযায়ি করোনাভাইরাসে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৬ জন। এরমধ্যে ডা. মঈনসহ মারা গেছেন তিনজন, আর সুস্থ হয়েছেন দুজন।

ওসমানীর ল্যাবে ১৬ জনের আক্রান্তের বিষয়টি শুক্রবার রাতে নিশ্চিত করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

এর মধ্যে সিলেটের ৮ জন, সুনামগঞ্জের ১ জন এবং হবিগঞ্জে এক চিকিৎসকসহ ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এর আগে একইদিন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে সিলেটের ৯৯ জনের করোনা আক্রান্তের রিপোর্ট জানানো হয় বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের সহকারি পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আনিসুর রহমান।

তিনি বলেন, গত ২৪ ও ২৫ এপ্রিল সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জমা হওয়া ৬৬৭টি নমুনা ঢাকায় পাঠানো হয়। এরমধ্যে ৭৮টি রিপোর্ট পজিটিভ আসে। তবে ওই হিসেবে কোন জেলার কতজন তা এখন বের করা হয়নি।

তিনি আরো বলেন, গত ২৬ ও ২৭ এপ্রিল মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে সংগ্রহ করা কিছু নমুনা স্যাম্পল সরাসরি ঢাকায় পাঠানো হয়। এরমধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ২১টি। এদের মধ্যে হবিগঞ্জের ১২ জন, সুনামগঞ্জের ৪ জন এবং মৌলভীবাজারের ৫ জন। তবে ৭৮টি পজিটিভ রিপোর্টের জেলাওয়ারী হিসেব আসলে এ সংখ্যা আরও বাড়বে।

সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। সিলেট বিভাগের প্রথম রোগী হিসেবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মঈন শনাক্ত হন। এরপর পহেলা মে নতুন আরও ১১৫ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২৬ জন।

এর মধ্যে গত ১৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ডা. মঈন ও ২৫ এপ্রিল শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চুনারুঘাটের চা বাগানের এক শিশুর মৃত্যু হয়। আর মৌলভীবাজারের রাজনগরে ‘করোনার উপসর্গ’ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে গত ৫ এপ্রিল। এর আগে ৪ এপ্রিল রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের আকুয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যান এ ব্যক্তি।

অন্যদিকে ২৭ এপ্রিল প্রথমবারের মতো দুই করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের বাড়ি সুনামগঞ্জ জেলায়।

৩০ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ছিলো ১১১ জন। ১ মে শুক্রবার একদিনেই তা বেড়ে দাঁড়িয়েছে ২২৬ জনে। এই একদিনেই শনাক্ত হয়েছেন ১১৫ জন। এরমধ্যে ঢাকার ল্যাকে ৯৯ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে শনাক্ত হন ১৬ জন।

এমনিতে ওসমানী মেডিকেল কলেজে প্রতিদিন গড়ে ১৫০টি নমুনা পরীক্ষা হয়। শুক্রবার ঢাকা ও সিলেট মিলিয়ে পরীক্ষা হয় ১০৭০ টি নমুনা। এতে ১১৫টি পজেটিভ আসে। ফলে পরীক্ষা বাড়ার সঙ্গে সাঙ্গে বেড়েছে শনাক্ত হওয়া রোগীর সংখ্যাও।

স্বাস্থ্য অধিপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, শুক্রবার দিনটি আমাদের জন্য বিরাট দুঃসংবাদ নিয়ে এসেছে। এতোসংখ্যক রোগীর শনাক্ত হওয়া প্রমাণ করছে এই বিভাগেও ভাইরাসটি কমিটিনিটি পর্যায়ে শনাক্ত হয়ে গেছে। এখন আমাদের আরও সচেতন হতে হবে। আর সাবধান থাকতে হবে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার ১৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ্কইদিনে ঢাকার ল্যাবে পরীক্ষায় সিলেট বিভাগের আরও ৯৯ জন রোগী শনাক্ত হন। এনিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২২৬ জন।

Share





Related News

Comments are Closed