Main Menu

সিলেটে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ ১৩ জন আক্রান্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার শনাক্ত হওয়া করোনা আক্রান্তদের মধ্যে এ দুজনসহ সিলেট বিভাগে মোট শনাক্ত হন ১৩ জন। বাকিদের মধ্যে রয়েছেন- সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারের কুলাউড়ায় ২ জন।

ওসমানী হাসপাতালের সহকারি পরিচালক ডা: হিমাংশু লাল রায় ১৩ জন আক্রান্ত হবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকেলে সিলেটে মোট ১৮৮ জনের করোনা টেস্ট করা হয়। এর মধ্যে ১৩৪ জনের রিপোর্ট আসে। তার মধ্যে ১৩ জন করোনা পজেটিভ। বাকিরা নেগেটিভ।

করোনায় আক্রান্ত ইন্টার্ন চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এবং আক্রান্ত স্বাস্থ্যকর্মী শহীদ শামসুদ্দিন হাসপাতালে কাজ করছেন।

একটি সূত্র জানায়- বুধবার আক্রান্ত হওয়া ওসমানী মেডিকেলের শিক্ষানবিস চিকিৎসক সম্প্রতি গাজীপুর থেকে সিলেট ফেরেন। করোনার ঝুঁকিপূর্ণ এলাকা গাজীপুর থেকে ফেরার কারণে তিনি হাসপাতালে কাজে যোগ দেওয়ার আগে বুধবার নমুনা পরীক্ষা করানো হয়। পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে। এ নিয়ে সিলেটের দু’জন চিকিৎসক করোনায় আক্রান্ত হলেন।

প্রসঙ্গত, বুধবার বিকেল পর্যন্ত সিলেট বিভাগে রোগির সংখ্যা ছিলো ২০ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: মো: মঈন উদ্দিন ও মৌলভীবাজারের রাজনগরের একজন পান দোকানী মারা গেছেন। বাকী ১৮ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। নতুন করে আরো ১৩ জন সনাক্ত হওয়ায় সিলেট বিভাগে এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। এ মধ্যে সিলেট জেলার ৬ জন, হবিগঞ্জের ১৮ জন, মৌলভীবাজারের ৩ জন ও সুনামগঞ্জের ৬ জন।

Share





Related News

Comments are Closed