Main Menu

দোয়ারাবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন আল-আমিন (২০) নামের এক যুবক। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আল-আমিন উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ঢুলপুশী গ্রামের মৃত শওকত আলীর পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে ডেকে তোলার জন্য তার ছোট বোন দরজায় গিয়ে আওয়াজ করলে অপর পাশ থেকে কোনো সাড়া-শব্দ না আসায় ছোট বোন ও চাচী এবং পাশের বাড়ির লোকজনের সহায়তায় দরজার উপরদিকে টর্চলাইটের আলো ফেলে তারা আল-আমিনকে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় ইউপি সদস্য পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে আল-আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

মান্নারগাঁও ইউনিয়নের সদস্য অজিত চন্দ দাস বলেন, মৃত শওকত আলীর স্ত্রী কল্পনা বেগম সৌদি আরবে থাকায় বাড়িতে ৩ বোন নিয়ে থাকতেন আল-আমিন। সকালে আল-আমিনকে নাস্তা খাওয়ার জন্য ডাকাডাকি করা হয়। এ সময় তার কোনো সাড়া-শব্দ না পাওয়ায় আমরা পুলিশের সহায়তায় দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম বলেন, পুলিশ মরেদহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Share





Related News

Comments are Closed