Main Menu

বগুড়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক : বগুড়ার শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন এবং একই এলাকায় মহাসড়ক পারাপারের সময় এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোরে এবং সকালে বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার কলেজ রোডের হাজিপুর নামক স্থানে দুর্ঘটনা দুটি ঘটে।

জানা গেছে, ভোরে শহরের ট্রাফিক পুলিশ ফাঁড়ির সামনে চট্টগ্রাম থেকে রংপুরগামী রডবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কলাবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে তিনজন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন হলেন দুই ট্রাকের চালক। আর একজন কলাবাহী ট্রাকের চালকের সহকারী।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম হাফিজুল ইসলাম (৩৫)। তিনি লালমনিরহাট জেলার কালিগন্জ থানার খয়ের উদ্দিনের ছেলে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহত অপর দুজনের পরিচয় জানা যায়নি।

শেরপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফারুক আহম্মেদ বলেন, ট্রাকের সংঘর্ষের কারণে দুর্ঘটনার পর থেকেই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাকগুলো সরিয়ে নেওয়ার পর সকাল সাড়ে ৭টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হলে নাতিকে স্কুল বাসে উঠিয়ে দিয়ে মহাসড়ক পারাপারের সময় একই স্থানে বাস চাপায় আমেনা বেগম (৫৫) নামের একজন নারী নিহত হয়েছেন। তিনি শেরপুর পৌরশহরের উলিপুর মহল্লার আব্দুল হামিদের স্ত্রী।

Share





Related News

Comments are Closed