আয়েশা মুন্নি’র গল্পগ্রন্থ ‘অমরাবতীর কথা’
কাইয়ুম উল্লাস: বাংলা সাহিত্যের বহু শাখা-প্রশাখা রয়েছে। উপন্যাস, ছোটোগল্প, নাটক, কবিতা ইত্যাদি। অণুগল্পও বাংলাসাহিত্যের একটি নবতর শাখা। এই নবতর শাখাটি বাংলাসাহিত্যে ভিন্নমাত্রা সৃষ্টি করেছে। অণুগল্পে সবকিছু বলে দেয়া হয় না, শুধু ইঙ্গিত করা হয়। পাঠক সেই ইঙ্গিত অনুযায়ী এগিয়ে যায়। অণুগল্প একটি শাণিত শরের নাম; যার একমাত্র উদ্দেশ্য লক্ষ্যভেদী হওয়া। অণুগল্পের প্রতিটি শব্দ-বাক্য এমন কি যতি চিহ্ন পর্যন্ত একেকটি অগ্নিকণার ভূমিকা পালন করে। অণুগল্প অত্যন্ত সুনিয়ন্ত্রিত। সাহিত্যের অন্যান্য শাখার এক ধরনের সংজ্ঞা পাওয়া গেলেও অণুগল্পকে ঠিক সংজ্ঞায়িত করা যায়নি। এ যেন এক মায়াবী ব্যাপার, কিছুটা কুয়াশাচ্ছন্ন আলো-আঁধারির খেলা। স্বপ্নের মতো ঘোর লেগে যায় অণুগল্প সম্পর্কে ভাবতে গেলে।
এ-সাহিত্যের ধারায় অনন্য সংযোজন আয়েশা মুন্নির ‘অমরাবতীর কথা’। শক্তিশালী বোধ আর চির প্রজ্ঞার আলোয় উদ্ভাসিত ‘অমরাবতীর কথা’ গ্রন্থ। ব্যক্তিগত অনুধ্যানের পাশাপাশি জাগতিক জীবনের প্রতিটি অধ্যায় তিনি পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরেছেন অত্যন্ত সুনিপণ গাথুনিতে। ‘ভুলে ভরা গল্প’র অংশ তুলে দেয়া যায়। ‘… সূর্য¯স্নানে ভালোবাসা কেন যায় জীবনের দামে। স্পর্শরা বিক্রি হয় মলিন কাগজের নোটে। হাজার শব্দের ভিড়ে যখন বিবেকের দ্বার রুদ্ধ। অভিমানের বুনন ছিঁড়ে তখন ঠোঁটের কোণের এক চিলতে রহস্যময় হাসিই আদি অন্তের নিখাদ সম্পদ। সেই সম প্রেমময় … তৈলচিত্র, জলছবি, বিমূর্ত প্রচ্ছদ, সূর্যমুখী আলপনা, ব্রীড়াভাঙ্গা শরীরের স্কেচ, প্রতিশ্রæতি ভরা আবেগী চিঠি, মরাল গ্রীবার মাদুলি শুভিত ছবি, অতি প্রয়োজনে আঁকা নির্মোক ছবির রং খসে, সবকিছুই প্রেমে উদ্বাস্ত হয় স্বৈরতার ইতিহাসে।’ এখানে গল্পকার বর্তমান সময়ের প্রকৃত রূপটাই প্রকাশ করছেন। তার ‘মেঘাদৃতা’ ছোটগল্পেও যে সকল গুণাগুণ বর্ণনা করা হয়েছে তা বহু ছোটগল্পের ক্ষেত্রেই প্রাসঙ্গিক এবং সকল গুণাগুণের অতিরিক্ত বৈশিষ্ট্য সমন্বিত একটি ছোটগল্প যাতে মেঘাদৃতার জীবনের স্বরূপটি সুনিপুণভাবে উপস্থাপন করেছেন লেখিকা।
আয়েশা মুন্নি’র গল্পে সহজাত প্রাঞ্জলতা, তাঁকে সহজেই পাঠকপ্রিয় করে তুলেছে। ফুরফুরে প্রাঞ্জল ভাষা, ছোট ছোট বাক্যের মধ্য দিয়ে তাঁর গল্পের কাহিনি তরতরিয়ে এগিয়ে যায়। পাঠকের মনের ভেতর পৌঁছে যায় অনায়াসে। গল্পগুলো পড়তে পড়তে পাঠকের মনে এক ধরনের রম্য উৎসাহ আর চনমনে অনুভূতি কাজ করে।
তার গল্পে পাঠক একান্ত নিজেকে খুঁজে না পেলেও অন্তত পড়ে আনন্দ পাবেন। বর্ণনাভঙ্গি; সহজ-সরল ও যথাসম্ভব ছোট বাক্য পাঠককে মুগ্ধ করবে। অবশ্য লেখক কেবল যে পাঠকের জন্য লিখেন তা নয়; নিজের জন্যও লিখেন। তবে নাকি দ্বিধায় থাকেন গল্প লেখার ভূমিকা নিয়ে-গল্প লেখকের ইচ্ছায়ই চলে নাকি গল্পের ইচ্ছায় লেখক চলেন। যে যাকেই পরিচালিত করুক গল্প হয়ে ওঠাই মূখ্য। আয়েশা মুন্নির ‘অমরাবতীর কথা’ গল্পগ্রন্থে সে গল্পই আমরা দেখেছি।

গল্প আর জীবনের দুরত্ব কতটুকু? লেখকের কাছে এর উত্তর হয়তো আছে। একেকজন একেকভাবে সেটা বলতে পারেন। তবে এটা মনে হওয়াও বিচিত্র নয় যে, এ দুয়ের মাঝে বিশেষ কোন দূরত্বই নেই। গল্পকার গল্প বানান ঠিকই আছে। তা জগতের বাইরের কিছু নয়। মানুষেরই গল্প। মানুষের হাসি-কান্না-সুখ-দুঃখের গল্প। ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় কিংবা অন্য কোন জীবনের গল্প। সেখানে গল্প ও জীবন চলে সমানে সমান। জীবনের নানাবিধ অভিজ্ঞতার ভার যার যত বেশি সে তত শক্তিশালী লেখক বা গল্পকার।
কবিতায় বিশেষ স্বীকৃতি অর্জন করলেও আয়েশা মুন্নি’র প্রথম গল্পগ্রন্থ ‘অমরাবতীর কথা’। ৮৮ পৃষ্টার গ্রন্থে মোট ১৪ টি অণুগল্প স্থান পেয়েছে। গল্পগুলো হচ্ছে- চন্দ্রবিলাস, মেঘাদৃতা, ভুলে ভরা গল্প, আত্মোপলব্ধি, স্মৃতিময় স্বপ্নের ভেলা, স্বপ্নের ভেলা, একজন বিপ্লবীর একটি কবিতা, আমার ঈদ, ফ্যাক্ট-হাঁটা, সময়ই একমাত্র শক্তি, কৃতজ্ঞতা, ঈদ ও পদ্মবতী, সেতুবন্ধন, বন্ধুত্ব।
বইটি প্রকাশ করেছে রিদম প্রকাশনা সংস্থা। প্রচ্ছদ এঁকেছেন ফারিয়া হোসেন। বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। মুদ্রণপ্রমাদ তেমন চোখে পড়েনি।
গল্প বুননের দিক থেকে বইটি পরিপক্কতা লাভ করেছে। লেখকের গল্প লেখার ক্ষেত্রে স্বপ্নরা ভীড় করে। তারপরও তাকে জীবনের প্রয়োজনে অন্য গল্পও সাজাতে হয় যেখানে বিরহকে ফেলা যায় না। প্রেমও যে এসেছে। পাঠক আরেকবার প্রেমিক হওয়ার জন্যও হয়তো বইটি খুঁজবেন। যেখানে সময়ের অনুসঙ্গ বাদ যায়নি। সব মিলিয়ে এক অসাধারণ গল্পের বই। না পড়লে পাঠক বাদল দিনের সেতুবন্ধনও যে মিস করবেন। (লেখক : সাংবাদিক ও ডকু ফিল্মমেকার)।
Related News
সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন
সালেহ আহমদ (স’লিপক): আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত বহুভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাRead More
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More



Comments are Closed