রাজধানীতে ১০ ফার্মেসিকে ২৮ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: ফার্মেসিতে থরে থরে সাজানো রয়েছে ওষুধ। যেটাতে হাত দেওয়া হচ্ছে প্যাকেটে মিলছে মেয়াদোত্তীর্ণ ওষুধ। রাজধানীর গ্রীণরোডের ওষুধের দোকানগুলোতে অভিযান চালিয়ে এমন দৃশ্য নজরে আসে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের।
অভিযানে একটি ফার্মেসীতে বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমাণ ভায়াগ্রা ওষুধ পাওয়া যায়। যেগুলো অনেক ডাক্তার রোগীদের প্রেসক্রিপশনের মাধ্যমে লিখে থাকছে বলে দোকানি জানায়। যা শুনে হতবাক হন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কারা এসব ওষুধ লিখছে তাদের তালিকাও চান দোকানির কাছে। কিন্তু সেটা দিতে পারেনি দোকানি। অভিযানে থাকা ওষুধ প্রশাসনের কর্মকর্তারা জানান- এই ভায়াগ্রা খুবই ভয়ঙ্কর। যেটা খেলে হার্ট অ্যাটাক করে মানুষ মারা যেতে পারে।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে গ্রীণরোড সড়কের ফার্মেসীগুলোতে অভিযান চালায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। সাথে ছিল ওষুধ প্রশাসন ও র্যাব-২। অভিযানে দশটি ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রির অভিযোগে ২৮ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে গ্রিণ ফার্মাকে ৭ লাখ, বেস্ট ফার্মেসিকে দেড় লাখ, তাজ ফার্মেসিকে দেড় লাখ, সেফ ফার্মাকে দেড় লাখ, স্টার ফার্মেসিকে দেড় লাখ, হক ফার্মাকে দেড় লাখ ও হক ডিপার্টমেন্টাল স্টোরকে ৫০ হাজার, স্যোসাল ইসলামি ব্যাংক হাসপাতালকে ১ লাখ, রাসেল ফার্মেসিকে ১ লাখ, তাজওয়ার ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘মোট ১৬টি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে প্রায় ২৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এখানকার একটি দোকান ছাড়া সকল দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে, যেগুলো তারা বিক্রয় করত। এছাড়া কিছু অনুমোদনহীন ওষুধ পাওয়া গেছে যেগুলো দেশের আইনে বিক্রয় নিষিদ্ধ। যেগুলো তারা কোনো অনুদোমন ছাড়া বিক্রি করছিল।’
তিনি বলেন, ‘এছাড়া ওষুধগুলো যে তাপমাত্রায় রাখার কথা বেশ কিছু দোকানে সেটা পাওয়া যায়নি। দুটো দোকানে লাইসেন্সে সমস্যা পাওয়া গেছে এবং কিছু দোকানে মেয়াদোত্তীর্ণ খাবারও পাওয়া গেছে। সেগুলো জব্দ করা হয়েছে। তাদেরকে সতর্ক করা হয়েছে। পনেরো দিন পরে দোকানগুলো ফলোআপ পরিদর্শন করা হবে, আসলেই তারা কতটুকু পরিবর্তন হয়েছে।’
সারওয়ার আলম আরও বলেন, ‘মহামান্য হাইকোর্ট আদেশ দিয়েছেন একমাসের মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজার থেকে সরাতে। আমরা সে জন্যই অভিযান পরিচালনা করেছি।’
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed