Main Menu

দাবি আদায়ে রাজপথে বুয়েটের শিক্ষার্থীরা

বৈশাখী নিউজ ডেস্ক : ১৬ দফা দাবি আদায়ে রাজপথে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। বুধবার পঞ্চম দিনের মতো লাগাতার আন্দোলন অব্যাহত রয়েছে। সকালে আন্দোলনকারীরা দলবদ্ধ হয়ে রেজিস্ট্রার ভবনে তালা লাগিয়ে দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে যাবেন না বলে ঘোষণা দিয়েছেন তারা।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টায় পঞ্চম দিনের আন্দোলন শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১টায় বুয়েট শহীদ মিনারের সামনে বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী সমাবেত হন। এরপর তারা মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে ভিসি ভবনের সামনে গিয়ে অবস্থান নেন।

এ সময় তারা ‘প্রশাসনের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’; ‘প্রহসনের প্রশাসন মানি না, মানি না’; ‘স্বৈরাচারী প্রশাসন মানি না, মানবো না’; ‘স্বৈরাচারের ঠিকানা, এই বিশ্ববিদ্যালয়ে হবে না’, ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে’; ‘হৈ-হৈ, রৈ-রৈ ভিসি স্যার গেল কই’- এমন নানা স্লোগান দিতে থাকেন। সেখানে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে বিক্ষোভ চালিয়ে যান।

আন্দোলনের মুখপাত্র হাসান সারোয়ার সৈকত বলেন, আমাদের যৌক্তিক আন্দোলনকে বুয়েট শিক্ষক সমিতির পক্ষ থেকে সমর্থন জানানো হয়েছে। অধ্যাপক ডা. এ কে এম মাকসুদ স্বাক্ষরিত একটি বিবৃতি আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে পাঠানো হয়েছে।

শিক্ষার্থীদের ১৬ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বিতর্কিত প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ বাতিল, নিয়মিত শিক্ষক মূল্যায়নের ব্যবস্থা করা, শিক্ষার্থীদের সব লেনদেন ডিজিটাল করা, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, টার্ম পরীক্ষায় কোডিং সিস্টেম চালু, ছাত্রী হলকে সনি হল নামকরণ ইত্যাদি।-জাগো নিউজ

Share





Related News

Comments are Closed