Main Menu

গোয়াইনঘাটে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সুদীপ বড়ুয়া (৪৫) গোয়ানঘাট থানায় উপ পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২ জুন) বিকেলে থানা কম্পাউন্ডের বাসা থেকে সুদীপের লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, সদীপ বড়ুয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার সোনাইচড়ি এলাকার মৃত রবীন্দ্র লাল বড়ুয়ার ছেলে। প্রায় ২৮ বছর ধরে পুলিশে চাকরি করছেন। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি তিনি গোয়াইনঘাট থানায় যোগদান করেন।

সুদীপ বড়ুয়ার এক ছেলে নৌবাহিনীর স্কুলে এবং মেয়ে মেডিকেল কলেজে পড়াশোনা করছে।

‘থানায় মানসিক চাপে বিপর্যস্ত হয়ে’ তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছেন সুদীপের মেয়ে শতাব্দি বড়ুয়া।

তিনি বলেন, ‘বাবা প্রায়ই ফোন করে বলতেন, গোয়াইনঘাট থানার ওসি ও সেকেন্ড অফিসার জুনেদ দুর্ব্যবহার করেন। দিনরাত চাপের মধ্যে রাখেন। সর্বশেষ গতকালও (শনিবার) বাবার সাথে কথা হয়েছে, তিনি তখনও বলেছেন, এ থানায় তিনি আর থাকতে চান না।’

তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন থানার ওসি আব্দুল জলিল।

গোয়ানঘাট থানার ডিউটি অফিসার সালাউদ্দিন জানান, রোববার দুপুর ২টা পর্যন্ত থানায় ছিলেন সুদীপ বড়ুয়া। এরপর থানা এলাকায় নিজের বাসায় যান তিনি। এর কিছুক্ষণ পর তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

গোয়ানঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ঝুলন্ত লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য তাঁর লাশ সিলেট ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তদন্ত করে বের করা হবে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed