জাপানের সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি সই
বৈশাখী নিউজ ডেস্ক: যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ খাত এবং শিল্পায়ন সহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য জাপান সরকারের সঙ্গে ২৫০ কোটি ডলারের উন্নয়ন সহায়তা চুক্তি করেছে বাংলাদেশ।
বুধবার (২৯ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হয়।
বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ ও জাপানের পক্ষে রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি এ চুক্তিতে স্বাক্ষর করেন।
জাপানের এই অর্থায়ন মাতারবাড়ি সমুদ্রবন্দর উন্নয়ন প্রকল্প, ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১), বিদেশি বিনিয়োগ সহায়ক প্রকল্প (২), জ্বালানি দক্ষতা ও সুরক্ষা সহায়ক প্রকল্প (পর্যায়-২) ও মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে (৫) খরচ করা হবে।
এদিকে এই চুক্তি স্বাক্ষরের পরই দুদেশের প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দিয়েছেন। এর আগে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা ও শিনজো আবে। দুই দেশের নীতিনির্ধারক ছাড়াও সরকারি কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
মঙ্গলবার (২৮ মে) ৪দিনের সফরে জাপান যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় (টোকিওর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়) প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি হেনেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবে।
এর আগে মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে টোকিও’র উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
এদিকে বুধবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৩টায় (জাপান সময় বিকেল পৌনে ৬টায়) জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান শেখ হাসিনাকে। এসময় জাপান প্রধানমন্ত্রী শিনজো আবে শেখ হাসিনাকে স্বাগত জানান। সুসজ্জিত একটি দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়।
জাপান সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মুখ্য সচিব নজিবুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব শহীদুল হক প্রমুখ।
স্বাধীনতা পরবর্তী ১৯৭২ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশকে বিভিন্ন মেয়াদে মোট ১ হাজার ১৩০ কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে জাপান সরকার।
৩০ মে বৃহস্পতিবার ‘দ্য ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী এশিয়ার সম্ভাবনা ও উত্থান বিষয়ক ভাবনার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সম্মেলনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনীতিক, অর্থনীতিবিদ, গবেষক ও তাত্ত্বিকরাও যোগ দেবেন।
গেল বছরের ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের মধ্য দিয়ে জানুয়ারিতে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের এটাই শেখ হাসিনার প্রথম জাপান সফর।
উল্লেখ্য, জাপানের সফর শেষ করে জেদ্দা যাবেন শেখ হাসিনা। তিনি ৩ জুন পর্যন্ত সেখানে অবস্থান করবেন। সৌদি আরবে সফরকালে প্রধানমন্ত্রী ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৪তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। মক্কাতে ৩১মে ‘মক্কা সামিট : টুগেদার ফর দি ফিউচার’ শীর্ষক ইসলামি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
তখন প্রধানমন্ত্রী পবিত্র উমরাহ পালন করবেন। সৌদি আরব সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩ জুন ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির উদ্দেশে জেদ্দা ছাড়বেন। প্রধানমন্ত্রী আগামী ৪ জুন ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
Related News
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি কারিকুলামে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করা দেশের ইংরেজি মাধ্যমেরRead More
ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের একের পরRead More



Comments are Closed