Main Menu

৫ ঘন্টা পর সিলেট পথে রেল যোগাযোগ স্বাভাবিক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-আখাউড়া রেলপথের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁওয়ে মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে সাড়ে ৫ ঘন্টা বন্ধ থাকার পর রাত ৩টায় রেল যোগাযোগ শুরু হয়।

এতে রাত ১০টায় সিলেট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী উপবন এক্সপ্রেস মোগলাবাজারে আটকা পড়ে। এছাড়া সিলেটে আটকে পড়ে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস। তবে রাত ৩টায় লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার কাজ শেষ হলে রেল যোগাযোগ শুরু হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটমুখী একটি মালবাহী ট্রেনের বগি মাইজগাঁও স্টেশনের কাছাকাছি এলাকায় লাইনচ্যুত হয়। এতে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

এদিকে রাত ১০টায় যথারীতি সিলেট থেকে ছেড়ে যায় যাত্রীবাহী ট্রেন উপবন এক্সপ্রেস। ট্রেনটি মোগলাবাজার স্টেশনে গিয়ে আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন এই ট্রেনের যাত্রীরা।

মাইজগাঁও রেলওয়ে স্টেশনের ম্যানেজার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ৩টায় দুর্ঘটনা কবলিত মালবাহী ট্রেনটি সরিয়ে নেওয়ার পর রাত ৩টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হলে উপবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে মাইজগাঁও ছেড়ে যায়। এছাড়া মোগলাবাজার থেকে চট্টগ্রামগামী আন্ত:নগর উদয়ন এক্সপ্রেস এবং সিলেট রেলওয়ে স্টেশন থেকে জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

Share





Related News

Comments are Closed