Main Menu

প্রধানমন্ত্রী বরাবরে সিকৃবি শিক্ষার্থীদের স্মারকলিপি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাসচাপায় মেধাবী ছাত্র ঘোরি মো: ওয়াসিম আব্বাস হত্যার ঘটনার চারদিন পর বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে।

এদিকে, ওয়াসিম হত্যার দ্রুত বিচারের দাবিতে আন্দোলনরত সিকৃবি শিক্ষার্থীরা বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে। দুপুর ১টায় সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ স্মারকলিপি গ্রহণ করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ওয়াসিম হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাসে আলোর মিছিল বের করা হয়।

গত শনিবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজারের শেরপুরে বাসচাপায় প্রাণ হারান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষের ছাত্র ঘোরি মো: ওয়াসিম আব্বাস। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুদ্র গ্রামের মো. আবু জাহেদ মাহবুব ও ডা. মীনা পারভিন দম্পতির একমাত্র পুত্র সন্তান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ওয়াসিমের সহপাঠীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, ওয়াসিমকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেন উদার পরিবহন নামের বাসটির হেলপার। এমন অভিযোগে শনিবার রাত থেকেই বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ওয়াসিম ‘হত্যার’ ঘটনায় গত ২৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ডু বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় বাসের চালক, সহকারী ও সুপারভাইজারকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ দুইজনকে আটক করেছে। বাস চালক ও সহকারীকে বুধবার পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

Share





Related News

Comments are Closed