এফ আর টাওয়ারে অগ্নিকান্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাত জন নিহত হয়েছেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নিহত ব্যক্তিরা হলেন- পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।
সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী।
তিনি জানান, আগুনে ভেতরে থাকা অনেকেই প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফিয়ে, ক্যাবলে তার বেয়ে নামতে গিয়ে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক ডা. সামন্ত লাল সেন সংবাদ মাধ্যমকে জানান, আব্দুল্লাহ আল ফারুক (৩৫)-কে মৃত অবস্থায় ঢামেকে আনা হয়।
ইউনাইটেড হাসপাতালের কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ বলেন, মৃত অবস্থায় তিন জনকে আমাদের এখানে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের সময় তারা পাইপ বেয়ে নামার চেষ্টা করলে পড়ে গিয়ে প্রাণ হারান।
এদিকে, ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শাহান হক জানান, অগ্নিকাণ্ড থেকে বাঁচতে ভবন থেকে লাফ দিলে নিহত হয়েছেন আরও একজন। তার মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে, নাম প্রকাশ না করার শর্তে ফায়ার সার্ভিসের একটি সূত্র জানায়, এখন পর্যন্ত ৩৫ জনকে ওই ভবন থেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বনানী এফ আর টাওয়ারে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আতাউর রহমান।
ফায়ার কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল জানান, এই মুহূর্তে সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। কন্ট্রোল রুম আরও জানায়, এখনও ওই ভবনের মধ্যে আরও অনেকে আটকা পড়ে আছে।
এদিকে বিকেল ৩টার দিকে ক্রেন দিয়ে এক এক করে আটকাপড়াদের নামাচ্ছে ফায়ার সার্ভিসের দল। আগুন নিয়ন্ত্রণ ও আটকাপড়াদের উদ্ধারে তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনীর ফায়ার ইউনিট, নৌবাহিনীর ফায়ার ইউনিট ও বিমান বাহিনীর ফায়ার ইউনিট।
আগুনে আটকাপড়াদের ক্রেন দিয়ে ও এয়ার লিফটে করে এক এক করে নামিয়ে আনা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভবনটি থেকে প্রায় অর্ধশতাধিক লোককে উদ্ধার করা হয়েছে। বেসরকারি বাণিজ্যিক এই ভবনটিতে প্রায় হাজারখানেক লোক বিভিন্ন অফিসে কর্মরত বলে জানা গেছে।
ক্রেন এবং বিমান বাহিনীর এয়ার লিফট দিয়ে আটকেপড়াদের উদ্ধার করা হচ্ছে। তাদের মধ্যে বেশিরভাগই ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসার জন্য তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেয়া হচ্ছে। আহতদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দিতে রাজধানীর সব হাসপাতালকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
আটকেপড়াদের খবর নিতে স্বজনরা ভবনটির চারপাশে উপস্থিত হয়েছেন। তাদের সঙ্গে ভেতরে আটকেপড়া স্বজনদের কারও কারও কথা হয়েছে। ভেতর থেকে হাত নাড়িয়ে ও জামা নীচে ফেলে বাঁচার আকুতি জানাচ্ছেন অনেকে। ভেতরে চিৎকার ও কান্নার রোল পড়েছে। উৎসুক হাজারো মানুষ সেখানে ভিড় করেছে। অনেকেই উদ্ধারকাজেও সাধ্যমত সহায়তা করছেন। তবে ভবনের আশেপাশে এখনও যাওয়া যাচ্ছে না।
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed