টিলাগড়ে সিকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঘোরী মো. ওয়াসিম আব্বাসকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে ‘হত্যার’ ঘটনায় সিকৃবির শিক্ষার্থীদের তিনদিনের আল্টিমেটামের শেষ দিনে বুধবার ক্ষোভে উত্তাল ছিল সিকৃবি ক্যাম্পাস। এ সময় তারা টিলাগড়ে সড়ক অবরোধ করে রাখেন।
ক্লাস বর্জন, পরীক্ষা স্থগিতসহ বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিলে দাবি মেনে নেওয়ার দাবি জানান তারা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারিও দেন শিক্ষার্থীরা।
বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালযয়ের টিএসসি চত্বরে জড়ো হতে শুরু করে সিকৃবির শিক্ষার্থীরা। সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর টিলাগড়স্থ মাদানী শাহী ঈদগাহ পয়েন্টে সমবেত হন।
এ সময় শিক্ষার্থীরা ‘আর নয় আশ্বাস, উঠে গেছে বিশ্বাস’, ‘দড়ি লাগলে দড়ি নে, ঘাতকদের ফাসি দে’, ‘আর নয় আশ্বাস, ভেঙে গেছে বিশ্বাস’ সহ নিরাপদ সড়কের দাবিতে নানা ধরণের স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা ওয়াসিম হত্যা মামলার দ্রুত বিচার কার্যক্রম শুরু করা, মামলার আসামি বাসের সুপারভাইজারকে গ্রেপ্তারসহ উদার পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে রাখে।
এসময় শিক্ষার্থীদের অবরোধে সড়কের দুপাশে শত শত গাড়ী আটকা পড়েছে।
এর আগে রোববার (২৪ মার্চ) সিকৃবির শিক্ষার্থীরা ওয়াসিম ‘হত্যার’ প্রতিবাদে নগরীর চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পাঁচ দফা দাবি জানিয়ে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে অবরোধ তুলে নেন তারা।
দাবিগুলো হলো- অভিযুক্ত চালক ও সহকারীর ফাঁসি দ্রুত কার্যকর করা, উদার পরিবহনের রুট পারমিট ও লাইসেন্স বাতিল করা, লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলতে না দেয়া, অদক্ষ চালক দিয়ে গাড়ি না চালানো এবং সড়কে শিক্ষার্থীসহ সকল যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করা।
তাছাড়া শিক্ষার্থীরা ২৭ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বর্জন ও পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছিলেন।
পূর্বের দাবীগুলোর সাথে নতুন আরও কয়েকটি দাবি যুক্ত করে শিক্ষার্থীরা জানান, দাবিগুলো মেনে নেওয়া না হলে আগামী রোববার থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে।
প্রসঙ্গত, গত শনিবার (২৩ মার্চ) সন্ধ্যার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর এলাকায় সিকৃবি শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিম আব্বাসকে উদার পরিবহনের একটি বাসে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের সহকারী ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ওয়াসিমের মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ড্রাইভার এবং সহকারীকে আটক করে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ওয়াসিমের সহপাঠীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, ওয়াসিমকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেন উদার পরিবহন নামের বাসটির সহকারী। এমন অভিযোগে শনিবার রাত থেকেই বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
এ ঘটনায় ২৫ মার্চ সিকৃবির প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুণ্ডু বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় বাসের চালক, সহকারী ও সুপারভাইজারকে আসামি করে মামলা দায়ের করেন (মামলা নং-২২)
Related News
রংপুরে গণপতি চক্রবর্তী ও সিলেটের ছত্তার পরিবার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত কর: বাসদ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরে গণপতি চক্রবর্তীসহ একই পরিবার ৪জন এবং সিলেটের ব্যবসায়ীRead More
এসএমপির নির্মাণাধীন স্থাপনা ও ড্রোন কার্যক্রম পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) ফিন্যান্স, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকাRead More



Comments are Closed