Main Menu

ওসমানীনগরে পল্লী বিদ্যুতের ‘ভৌতিক’ বিল

ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে পল্লী বিদ্যুতের বিল নিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার গ্রাহক। বিল সংশোধন করার পরও আবার পরিশোধিত বিল নতুন বিলে সংযোজন করা হচ্ছে। প্রায় সময় মিটার না দেখে বিল তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

জানা যায়, ওসমানীনগরে সিলেট পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর অধীনের গ্রাহকরা গত ডিসেম্বর মাসের বিলসহ অতীতের পরিশোধিত বিল নিয়ে পড়েছেন বিপাকে। এজন্য গ্রাহকরা বিদ্যুৎ অফিসের দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীকে দায়ী করছেন।

গত বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদুৎ বিলে ভুলের কারণে বিলের কাগজ নিয়ে শত শত মানুষ লাইনে দাড়িয়ে আছেন।

এ সময় অনেক গ্রাহক সমস্যা তুলে ধরেন এ প্রতিবেদকের কাছে। সংশোধন করার পরও অনেক দুর থেকে বার বার অফিসে এসে বিল সংশোধন করতে হচ্ছে।

অফিস সুত্রে জানা যায়, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর অধীনে প্রায় ৭০ হাজার গ্রাহকের বিপরীতে রয়েছেন ৯২ জন কর্মকর্তা-কর্মচারী।

এ প্রতিবেদকের কথা হয়, গোয়ালা বাজারের রুমানা বেগম, বালাগঞ্জের রাহেল আহমদ এবং শেরপুরের মকবুল হোসেনের সাথে। তারা জানান ডিসেম্বর মাসের বিল পরিশোধ করার পরও ফেব্রুয়ারি মাসের বিলের সাথে আবার বকেয়া বিল হিসেবে তুলে দেয়া হয়। তারা জানান অফিসে আসতে আমাদের ১শ টাকার মত খরচ হয়েছে। ফেব্রুয়ারি মাস শেষ হতে আরো ৮দিন বাকি আছে। অথচ ফেব্রুয়ারি মাসের বিল আমাদেরকে দেয়া হয়েছে। অফিসের কর্মকর্তা-কর্মচারীদের গাফলতির কারণে আমাদের এ ভোগান্তির শিকার হতে হচ্ছে।

গ্রাহক মাওলানা ছাদিকুর রহমান শিবলী জানান তার বিল ৮শ ৪৩ টাকার বিলে ২ হাজার ৪ শ ৪৮ টাকা ভুল বিল দেয়া হয়। এভাবে শতাধিক গ্রাহককে ভুল বিল দেয়া হয়েছে বলে জানান তিনি। ভুক্তভোগি গ্রাহকরা এ হয়রানী বন্ধের দাবী জানান।

পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর ডিজিএম মো: ফয়জুল্লাহ বিলের সমস্যার কথা স্বীকার করে বলেন, সার্ভারে সমস্যা হওয়ায় বিলের এ সমস্যা হচ্ছে । আগামী মাস থেকে এ সমস্যা আর হবে না বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed