Main Menu

সিলেটে ট্রাফিক সদস্যকে পেটালেন সরকারি কর্মকর্তা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে দায়িত্ব পালনরত অবস্থায় এক ট্রাফিক সদস্যকে পিটিয়েছে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের এক কর্মকর্তা। শনিবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় নগরীর চৌহাট্টা পয়েন্টে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কর্মকর্তা তানজিল আহমদ মোটর সাইকেল যোগে চৌহাট্টা থেকে জিন্দাবাজার অভিমুখে ওয়ানওয়ে রাস্তা দিয়ে প্রবেশের চেষ্টা করেন।

এ সময় সিলেট মহানগর পুলিশের দায়িত্বরত ট্রাফিক সদস্য মো. আলী তার মোটর সাইকেলে সিগন্যাল দিলে তিনি তা অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ অবস্থায় ট্রাফিক সদস্য আলী একটু এগিয়ে গিয়ে মোটর সাইকেলের গতিরোধ করলে ওই কর্মকর্তা মোটর সাইকেল থেকে নেমে ট্রাফিক সদস্যের হাতের লাঠি কেড়ে নিয়ে তাঁকে বেধড়ক পেটাতে শুরু করেন।

এক পর্যায়ে উপস্থিত জনতার হস্তক্ষেপে ওই সরকারি কর্মকর্তা থামলে অদূরে থাকা ট্রাফিকের অন্যান্য সদস্যরা এসে তাকে আটক করে। এসময় তার ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়।

আটক তানজিল আহমদ বিয়ানীবাজার উপজেলার উত্তর দুবাগ গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। এছাড়া তিনি ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কর্মকর্তা বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (ট্রাফিক) উপ পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ জানান, ট্রাফিক সদস্যের উপর হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। আহত ট্রাফিক সদস্যকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed