Main Menu

মাধবপুরে রেললাইন কেটে নিয়েছে দুর্বৃত্তরা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আখাউড়া-সিলেট রেল সেকশনের রেললাইন কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এতে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ ৫ ঘণ্টা বন্ধ ছিল।

শুক্রবার ভোররাতে মাধবপুর উপজেলার শাহপুর ও মনতলা রেল স্টেশনের মধ্যবর্তী স্থানে মাইলবাসা স্থানে এ ঘটনা ঘটে।

ভোর ৭টায় সিলেটগামী কুশিয়ারা ট্রেন কেটে নেওয়া রেললাইনের উপর দিয়ে যাওয়ার সময় বিকট শব্দ হলে চালক ট্রেনের গতি কমিয়ে ট্রেন থামিয়ে দেন। চালকের সতর্কতার কারণে কুশিয়ারা ট্রেন বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। রেলকর্মীরা ক্ষতিগ্রস্ত রেললাইনের কাজ করার পর দুপুর ১২টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

খবর পেয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ ও পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আখাউড়া-সিলেট রেল সেকশনের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব জানান, সকাল পৌনে ৮টার দিকে ওই স্থানে রেললাইন কেটে নাশকতার খবর পাই। তাদের ধারণা শুক্রবার ভোর রাতে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ওই স্থানে এ ঘটনা ঘটিয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে কুশিয়ারা ট্রেন ভোর ৭টা দিকে পার হতে সক্ষম হলেও এর গতি কম ও চালকের সতর্কতার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়ে হতাহতের ঘটনা ঘটেনি।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে জানান, রাতের কোন এক সময় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে এটি মেরামত করা হয়েছে। তবে না জেনে কয়েকটি ট্রেন এর উপর দিয়ে চলে গেলেও কোনো দুর্ঘটনা ঘটেনি।

Share





Related News

Comments are Closed