Main Menu

সরকার ব্যবসায়ীদের পথে নামিয়েছে : মুক্তাদির

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী সরকার তাদের ১০ বছরের অবৈধ শাসনামলে সবকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বিচার বিভাগকে তাদের দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। শেয়ার বাজারসহ বিনিয়োগকারীদের হাজার কোটি টাকা লুটপাটের মাধ্যমে অনেক ব্যবসায়ীকে পথে নামিয়ে দিয়েছে। সরকার তাদের দুর্নীতির দায়ভার জনগণের ঘাড়ে চাপিয়ে দিতে অযৈাক্তিকভাবে বার বার গ্যাস ও বিদ্যূতের দাম বৃদ্ধি করেছে। জনকল্যাণের বিপরীতে তারা জনদুর্ভোগ সৃষ্টি করেছে। আওয়ামী দুঃশাসনের হাত থেকে জনগণকে মুক্ত করে, আইনের শাসন প্রতিষ্ঠা ও ব্যবসাবান্ধব দেশ গঠনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

আজ সোমবার (১৭ ডিসেম্বর) বিকেলে নগরীর বন্দরবাজার, সোবহানীঘাট, চালিবন্দর, লালদিঘীরপাড়, কালিঘাট, হাসান মার্কেট, মধুবন মার্কেট ও করিম উল্লাহ মার্কেট এলাকায় গণসংযোগ ও পৃথক পথসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তিনি সোবহানীঘাটস্থ শাহজালাল দারুচ্ছুন্নাহ ডিওয়াই কামিল মাদরাসায় শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এছাড়া তিনি হাসান মার্কেট ও চালিবন্দর এলাকায় অনুষ্ঠিত পৃথক পথসভায় বক্তব্য দেন।

সোবহানীঘাট মাদরাসায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাওলানা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলীসহ মাদরাসার শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা ইউনুছ আলী, মাওলানা আবু সালেহ, মাওলানা আব্দুল লতিফ ও মহানগর আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা। সেখানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বন্দরবাজার এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন বিপনী বিতানে গণসংযোগকালে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো প্রমুখ।

হাসান মার্কেট ব্যবসায়ীদের সৌজন্যে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী নেতা আক্তার হোসেন সোহেল। উপস্থিত ছিলেন হাসান মার্কেট ব্যবসায়ী নেতা আফজল সিরাজ পাভেল ও আদনান আহমদ তামিমসহ মার্কেটের ব্যবসায়ীরা। চালিবন্দর এলাকায় অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা দাইয়ান চৌধুরী।

এর আগে খন্দকার আব্দুল মুক্তাদির সকালে নগরীর আদালত পাড়া, বন্দরবাজার ও মহাজনপট্রি এলাকায় ধানের শীষের সমর্থনে আইনজীবিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গণসংযোগ করেন।

আদালত পাড়ায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পিপি এডভোকেট নুরুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি এডভোকেট আব্দুল গাফফার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজ, গণফোরাম সিলেটের আহ্বায়ক এডভোকেট আনসার খান, মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিব ও এডভোকেট আতিকুর রহমান সাবু, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের প্রচার সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদ হিরা, মহানগর বিএনপির সহ-আইন সম্পাদক এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট সাঈদ আহমদ প্রমুখ।

বন্দরবাজার ও মহানজনপট্রি এলাকায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি ও প্রচার সেলের সমন্বয়কারী কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, পেশাজীবি নেতা সাংবাদিক বদরুদ্দোজা বদর, জেলা সহ-সভাপতি এ কে এম তারেক কালাম, মহানগর সহ-সভাপতি জিয়াউল হক জিয়া ও উপদেষ্টা আব্দুস সালাম বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, স্বাস্থ্য সম্পাদক ডা. আশরাফ আলী, শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী প্রমুখ।

Share





Related News

Comments are Closed