উইন্ডিজের কাছে হারল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: সিলেটে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট বলে দাড়াতে পারেনি বাংলাদেশ, সফরকারী উইন্ডিজের কাছে। ব্যাটিংয়ে স্বাগতিক দলের শর্ট বলে দুর্বলতাকে পুঁজি করে শেলডন কোট্রেল একাই বিধ্বস্ত করে দেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে। তিনি লাভ করেন চার উইকেট। বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়ক সাকিব আল হাসানের ৬১ রান ছাড়া অন্য কোন ব্যাটসম্যান এদিন ব্যাটিংয়ে তেমন সুবিধা করতে পারেননি। বাংলাদেশের দেওয়া অল্প রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে টর্নেডো গতিতে রান তুলতে থাকে উইন্ডিজের দুই ওপেনা এভিন লুইস এবং শাই হোপ । ফলে ৫৫ বল ও ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌছে উইন্ডিজ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেলো উইন্ডিজ। সিরিজের বাকী দুটি ম্যাচ হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
১৩০ রানে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ধুন্ধুমার ব্যাটিং শুরু করেন এভিন লুইস এবং শাই হোপ। চার-ছক্কার ফুলঝুড়িতে ৩ ওভারেই ক্যারিবীয়দের এসে যায় ৪৫ রান। অতঃপর সাইফউদ্দিনের বলে ১১ বলে ১৮ করা এভিন লুইস আরিফুল হকের তালুবন্দি হলে ভাঙে ৫১ রানের বিধ্বংসী উদ্বোধনী জুটি। এতে তাদের রান তোলার গতি মোটেও কমেনি। শাই হোপ যেন আরও ভয়ংকর হয়ে ওঠেন। মাত্র ১৬ বলে ৩ চার এবং ৬ ছক্কায় তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরি।
দলীয় ৯৮ রানে ধ্বংসাত্মক হোপকে অবশেষে থামান মাহমুদউল্লাহ রিয়াদ। ততক্ষণে অবশ্য ২ বলে ৫৫ করা হোপ দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছেন। কিমো পলকে নিয়ে নিকোলাস পুরান দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১০.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা। পুরান ১৭ বলে ২৩* এবং পল ১৪ বলে ১ চার ৩ ছক্কায় ২৯* রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
এর আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নেয় সাকিব আল হাসানের বাংলাদেশ। র্শট বলে ব্যর্থতার কারণে সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১২৯ রানের বেশী করতে পারেনি বাংলাদেশ । শেলডন কোট্রেলের একের পর এক শর্ট বলে সাকিব ছাড়া কোন ব্যাটসম্যানেরা দাড়াতেই পারেনি। সাকিব সর্বোচ্চ ৬১ রান করেন। শেলডন কোট্রেল ৪ উইকেট নিয়ে একাই বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ধ্বসিয়ে দেন।
ওশান টমাসের করা ইনিংসের প্রথম বলেই ক্যাচ দিয়ে বেঁচে যান তামিম ইকবাল। শুরুর নড়বড়ে অবস্থা সামলে নিতে পারেননি দেশসেরা ওপেনার। শলডন কোট্রেলের বলে ব্যক্তিগত ৫ রানে বাজে শটে ধরা পড়েন ব্র্যাথওয়েটের হাতে। ১১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
অপর ওপেনার লিটন দাসও টিকতে পারেননি বেশিক্ষণ। দারুণ বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু করা এই ব্যাটসম্যান থমাসের বলে দৃষ্টিকটু শটে ক্যাচ তুলে দেন ব্র্যাথওয়েটের হাতে। তামিমের মতো তিনি ও শর্ট বলে উইকেট বিলিয়ে দিয়ে আসেন।আগের দুই ব্যাটসম্যানের আউট দেখেও শিক্ষা নিলেন না সৌম্য সরকার। পথিক হলেন একই পথের।যথারীতি উইকেটের গতি না বুঝেই উড়িয়ে মারার চেষ্টা। আবারও শর্ট বল করেছিলেন শেলডন কোট্রেল, জায়গা বানিয়ে উড়িয়ে মারতে গিয়ে টাইমিং পেলেন না সৌম্য। মিড অন থেকে মিড উইকেটের দিকে ছুটে সহজ ক্যাচ নিলেন রভম্যান পাওয়েল। ৪ বলে ৫ রান করে আউট সৌম্য। ফলে ৩.৩ ওভারে বাংলাদেশ ৩১ রান তুলতে ৩ উইকেট হারিয়ে বসে। সাকিব ও মুশফিকের ব্যাটে তখন আশা দেখছিলো বাংলাদেশ। সাকিব ব্যাট চালিয়ে খেলছিলেন। তবে দলীয় ৪৮ রানের মাথায় আবার উইকেটের পতন হয় বাংলাদেশের ।আরেকপাশে আরও একটি আত্মঘাতী আউট। এবার মুশফিকুর রহিম ফিরলেন রান আউটে।
কিমো পলে বল ডিফেন্স করেই রান নিতে ছুটছিলেন মুশফিক। অপরপ্রান্তে সাকিব ছুটতে সময় নেন মূহুর্তখানেক। সেটি দেখে মুশফিকও মূহুর্তের জন্য থমকে যান। সাকিবকে ছুটতে দেখে এরপর ছোটেন আবারও। কিন্তু তার জন্য কাল হয় সেই দ্বিধাই। পয়েন্ট থেকে ছুটে এসে রভম্যান পাওয়েলের সরাসরি থ্রো ড্রেসিং রুমে পাঠিয়ে দেয় মুশফিককে। ৩ বলে ৫ রান করে ফিরেন মুশফিক।
সাকিবকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু লম্বা করতে পারলেন না ইনিংস। নতুন স্পেলে ফিরে তাকে ফেরালেন শেলডন কোট্রেল বাঁহাতি পেসারের অফ কাটারে ড্রাইভ করতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু জায়গা পাননি যথেষ্ট। বল তার ব্যাটের কানা ছুঁয়ে যায় উইকেটের পেছনে। কিপারের গ্লাভসে যাওয়ার আগে মাটি স্পর্শ করেছিল কিনা, সেটি নিশ্চিত হয়ে তৃতীয় আম্পায়ার জানালেন, মাহমুদউল্লাহ আউট। ১৯ বলে ১২ রান করে আউট মাহমুদউল্লাহ। ভাঙে ২৫ রানের জুটি। ১০.২ ওভারে বাংলাদেশ ৫ উইকেটে ৭৩ রানে পরিণত হয়।
তবে অন্য প্রান্তে ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিলে মাত্র ৪০ বলে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের অষ্টম অর্ধশতক তুলে নেন অধিনায়ক সাকিব আল হাসান। ১৮তম ওভারের তৃতীয় বলে শেলডন কোট্রেলের শর্ট বল খেলতে গিয়ে বল সোজা উপরে উঠে যার। কোট্রেল নিজেই ক্যাচ নিয়ে ম্যাচে নিজের ব্যক্তিগত ৪ উইকেট লাভ করেন।শেষে দিকে আরিফুল ১৭ ছাড়া কোন ব্যাটসম্যান বলার মতো রান করতে না পারলে বাংলাদেশ এক ওভার হাতে রেখে ১২৯ রানে অলআউট হয়ে যায়।
উইন্ডিজের হয়ে শেলডন কোট্রেল ৪টি, কিমো পল দুটি ও ব্র্যাথওয়েট, অ্যালেন টমাস একটি করে উইকেট লাভ করেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৯ ওভারে ১২৯ (তামিম ৫, লিটন ৬, সৌম্য ৬, সাকিব ৬১, মুশফিক ৫, মাহমুদউল্লাহ ১২, আরিফুল ১৭, সাইফ ১, মিরাজ ৮, আবু হায়দার ১, মুস্তাফিজ ০; টমাস ১/৩৩, কটলের ৪/২৮, পল ২/২৩, ব্র্যাথওয়েট ১/১৩, অ্যালেন ১/১৯, পাওয়েল ০/৭)।
ওয়েস্ট ইন্ডিজ: ১০.৫ ওভারে ১৩০/২ (লুইস ১৮, হোপ ৫৫, পুরান ২৩, পল ২৮*; সাকিব ০/৩২, মিরাজ ০/৩৭, আবু হায়দার ০/১৫, সাইফ ১/১৩, মুস্তাফিজ ০/১৫, মাহমুদউল্লাহ ১/১৩)
ফল : ৮ উইকেটে জয়ী উইন্ডিজ
ম্যান অব দ্যা ম্যাচ : শেলডন কোট্রেল ( উইন্ডিজ)
বাংলাদেশ টি-টোয়েন্টি একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ , তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি একাদশ : কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ড্যারেন ব্র্যাভো, শিমরন হেটমায়ার, ফ্যাবিয়েন অ্যালেন, কিমো পল, এভিন লুইস, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, শাই হোপ, শেলডন কোট্রেল, ওশানে টমাস।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed