Main Menu

জকিগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

জকিগঞ্জ প্রতিনিধি : নিখোঁজের ১৫ দিনের মাথায় সিলেটের জকিগঞ্জ উপজেলায় মিজানুর রহমান খোকন (১৮) নামের এক যুবকের লাশ ধানক্ষেত থেকে মাটি চাপা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের খাসিরচক গ্রামের মৃত জামাল উদ্দিন জামুর ছেলে। সে পেশায় শ্রমিক।

বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বাঘপাড়া এলাকার একটি ধানক্ষেতের পাশে স্থানীয়রা মাটিচাপা অবস্থায় বস্তাবন্দি একটি লাশ দেখতে পান। পরে বিষয়টি আমাকে জানানো হলে আমি ঘটনাস্থলে গিয়ে বস্তার মধ্যে লাশ নিশ্চিত হয়ে পুলিশকে খবর দেই। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুতে রাখা লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, লাশ উদ্ধারের পর প্রথম দিকে পরিচয় সনাক্ত করতে না পারলেও পরে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

নিহত খোকনের বড় ভাই বাহার উদ্দিন জানান, ১৫দিন ধরে খোকন নিখোঁজ ছিল। শুক্রবার সন্ধ্যা রাতে বাঘপাড়া এলাকায় বস্তাবন্দি একটি লাশ উদ্ধারের খবর পেয়ে তিনি ছুটে যান। সেখানে গিয়ে লাশটি তার ভাইয়ের বলে নিশ্চিত হন।

স্থানীয়রা জানান, লাশ যেখানে পুতে রাখা হয়েছে এর পাশে একটি ওড়না ফেলে রাখা। ধারণা করা হচ্ছে ওড়না দিয়ে যুবকের মৃত্যু নিশ্চিত করে অজ্ঞাতরা লাশ বস্তাবন্দি করে পুতে রাখে। এ হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করতে এলাকাবাসী পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন শনিবার সকালে লাশটি ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed