Main Menu

মলমপার্টির বিষ প্রয়োগে প্রাণ গেল ঢাবি শিক্ষার্থীর

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার পথে মলমপার্টির কবলে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র মশিউর রহমান তারেক (২৪) মারা গেছেন।

সোমবার (১২ নভেম্বর) রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তারেকের।

গত ২৮ অক্টোবর রাতে কমলাপুর থেকে ট্রেনে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ের শেষ বর্ষের ছাত্র তারেক। ভৈরব পর্যন্ত স্বজনদের সঙ্গে তারেকের যোগাযোগ থাকলেও এরপর থেকে বন্ধ পাওয়া যায় তার মোবাইল। পরে তারেকের সন্ধানে খোঁজ শুরু করেন তার স্বজনেরা।

নিখোঁজের পরের দিন তারেককে অচেতন ও চিকিৎসাধীন অবস্থায় পাওয়া যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তারেককে ভর্তি করা হয় ঢাকার অ্যাপোলো হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারেক।

তারেকের ঘনিষ্ঠ বন্ধু সাইফুল ইসলাম জানান, দুপুরের দিকে মৃত্যু হয় তারেকের। মেডিকেল প্রতিবেদনে ‘বিষ প্রয়োগ’ এর কথা বলা হয়েছে। এখন পুলিশ আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রাতে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক বন্ধুর ছোটবোনের ভর্তি পরীক্ষা উপলক্ষে সেখানে যাচ্ছিলেন মশিউর রহমান তারেক। পথিমধ্যে মলমপার্টির কবলে পড়েন তিনি। গ্রামের বাড়ি নরসিংদীতে, তারেকের বাবা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের।

Share





Related News

Comments are Closed