ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে শাবিতে বিক্ষোভ
শাবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফি বৃদ্ধি করায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের দুই বাম ছাত্রসংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং জাতীয় ছাত্রদল।
মঙ্গলবার দুপুর ১টায় দুই ছাত্র সংগঠন তাদের নেতাকর্মীদের উপস্থিতে আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ের “ডি” বিল্ডিং সংলগ্ন কদমতলা এবং অর্জুনতলা হতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল দুটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি গোলচত্বর সংলগ্ন যাত্রী ছাউনীতে এবং অপরটি গোলচত্বর সংলগ্ন রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জাতীয় ছাত্রদল এর সমাবেশে শাবিপ্রবির শাখা এর সভাপতি রামকৃষ্ণ দাস,সহ-সভাপতি অমৃত রায়, সাধারণ সম্পাদক রুপেল চাকমা, অর্থ সম্পাদক ওসমান গণি, সাবেক সহ-সাধারণ সম্পাদক মিহির দেবনাথ বক্তব্য প্রদান করেন। এসময় তারা ভর্তি ফি বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা কমানোর দাবি জানান।
অপরদিকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক নাযিরুল আযমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- আহ্বায়ক প্রসেনজিৎ রুদ্র, কমিটির সদস্য তৌহিদুজ্জামান জুয়েল, মইন উদ্দীন মিয়া, পদার্থ বিজ্ঞান বিভাগের সাধারণ শিক্ষার্থী সৌরভ মোস্তফা, গণিত বিভাগের শিক্ষার্থী ইউশা রশীদ। এসময় তারা শিক্ষা প্রতিষ্ঠানে বাণিজ্যিকরণ না করে দ্রুত ভর্তি ফি কমানোর দাবি জানান। অযৌক্তিকভাবে এই ভর্তি ফি বৃদ্ধির প্রতি নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের এমন সিদ্ধান্ত থেকে সরে না আসলে সাধারণ শিক্ষার্থীরা একতাবদ্ধ হয়ে সামনে আরও কঠিন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সমাবেশ শেষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা ভর্তি ফি কমানোর জন্য উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এদিকে ভর্তি ফি বৃদ্ধির বিষয়ে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক শামসুল হক প্রধান সিলেটের সকালকে বলেন, ওয়েবসাইটে ভর্তি বিষয়ে যে টাকার কথা উল্লেখ আছে তা পুরোপুরি ভর্তির সাথে সংশ্লিষ্ট নয়। ভর্তির জন্য ওই পরিমাণ টাকা প্রয়োজন হতে পারে। আগামী ৭ তারিখ একাডেমিক কাউন্সিলের মিটিং রয়েছে। সেখানেই ভর্তি ফি কত টাকা হবে তা নির্ধারন করা হবে।
এর আগে সোমবার(৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের তালিকা প্রকাশ করা হয়। সেখানে ভর্তি ফি হিসেবে ৯ হাজার ৫০০ টাকা সঙ্গে আনার বিষয়টি উল্লেখ করা হয়। যা গতবছর ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি ফি ছিল ৬ হাজার ৮৫০ টাকা।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed