Main Menu

বিশ্বনাথে ইটভাটা শ্রমিকের দ্বি-খন্ডিত লাশ উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ইটভাটা শ্রমিকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টায় বিশ্বনাথ-রামপাশা সড়কের রামপাশা এলাকাধীন পেট্রোল পাম্পের উত্তরপাশে ইছবর আলীর বাড়ির সামনে রাস্তার ওপর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের কাছ থেকে একটু দূরে বাশের ঝাপ থেকে লাশের মস্তক উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে লাশটি রাস্তার ওপর ফেলে যায়। এমন খবর পেয়ে এলাকার শতশত মানুষ লাশটি একনজর দেখার জন্য ভিড় করেন।

নিহত সুলতান মিয়া (৩০) সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দূর্বা কান্দি গ্রামের আলকাছ মিয়ার ছেলে। সে রামপাশার এ.আর ব্রিকফিল্ডের ইটভাটার কারিগর হিসেবে কর্মরত ছিলো।

এ.আর ব্রিকফিল্ডের শ্রমিকের সর্দার নুরুল হক সাংবাদিকদের জানান, সুলতান গত ১৯ অক্টোবর ইটভাটার ইট কারিগর হিসেবে যোগদান করে। গত শুক্রবার তার গ্রামের বাড়ি থেকে তাকে দেখতে আসা ভাই-ভাবীকে সকাল ১০টায় এগিয়ে দিতে গেলে আর রাতে ব্রিকফিল্ডে ফিরেনি। শনিবার সকালে এই লাশের খবর পেলে তিনি এসে সনাক্ত করেন এটিই সুলতানের লাশ।

বিশ্বনাথ থানার এসআই রিগ্যান বলেন, রাস্তার ওপর দ্বিখন্ডিত একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরন করা হয়েছে। অন্য কোথাও তাকে হত্যা করে দুর্বৃত্তরা লাশটি ওই স্থানে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) দুলাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে নিহতের পরিচয় পাওয়া গেছে। তবে তাকে হত্যার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম ও সিলেটের গোয়েন্দা সংস্থার ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Share





Related News

Comments are Closed