Main Menu

সিলেটে ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ২৪ অক্টোবর ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শনিবার দুপুরে বিএনপি নেতৃবৃন্দ পুলিশ কমিশনার কার্যালয়ে গিয়ে সমাবেশের জন্য আবেদন করে আসেন। এর দেড় ঘন্টা পর পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি না দেয়ার বিষয়টি বিএনপি নেতৃবৃন্দকে জানিয়ে দেয়া হয়।

এদিন সিলেট জেলা বিএনপির সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র আবুল কাহের শামীম বিষয়টি নিশ্চিত করে সমাবেশের অনুমতি না মিললেও ২৪ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দের সিলেট সফর কর্মসূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছিলেন।

এর আগে ২৩ অক্টোবর সিলেটে ঐক্যফ্রন্টের কর্মসূচি ছিল। সমাবেশের ব্যাপারে পুলিশের অনুমতি না পাওয়ায় পরদিন ২৪ অক্টোবর সমাবেশের তারিখ ঠিক করে ঐক্যফ্রন্ট।

সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ জানান, ২৪ অক্টোবর তারা রেজিস্ট্রি মাঠে সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন। এর বাইরে ঐক্যফ্রন্টের নেতারা হযরত শাহজালাল(র.), হযরত শাহপরান(র.) মাজার এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করবেন।

এর আগে রবিবার দুপুরে সমাবেশের অনুমতি পেতে হাইকোর্টে রিট করেন সিলেট জেলা বিএনপির সেক্রেটারী আলী আহমদ। সোমবার রিটের ওপর শুনানী হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবিতে ৭ দফা ও ১১ দফা লক্ষ্য নিয়ে গণফোরাম সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ হয়। গত মঙ্গলবার এই জোটে আনুষ্ঠানিক প্রথম বৈঠকে আগামী ২৩ অক্টোবর সিলেটে হয়রত শাহ জালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারত এবং সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছিলো। ২৩ অক্টোবর সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশের ব্যাপারে পুলিশের অনুমতি না পাওয়ায় পরদিন ২৪ অক্টোবর সমাবেশের তারিখ ঠিক করে ঐক্যফ্রন্ট।

Share





Related News

Comments are Closed