Main Menu

রায় প্রত্যাখান: ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

বৈশাখী নিউজ ডেস্ক: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রত্যাখান করে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

বুধবার (১০ অক্টোবর) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত পৃথক পৃথক সংবাদ সম্মেলনে থেকে রায় প্রত্যাখান করে কর্মসূচি ঘোষণা করে দলটি।

রায়ের বিষয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি মনে করে রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার নগ্ন প্রকাশ। আমরা এই ফরমায়েশি রায় প্রত্যাখান করছি।

তিনি বলেন, জাতির দুর্ভাগ্য সরকার তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আদালতকে ব্যবহার করে আরেকটি মন্দ দৃষ্টান্ত স্থাপন করলো। যেমনটি করেছে, মিথ্যা মামলার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাদণ্ড দিয়ে।

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট চালানো গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরী, সাবেক সাংসদ কায়কোবাদসহ ১৯ জনের যাবজ্জীবন দেয়া হয়েছে। আজ দুপুরে বিশেষ জজ আদালত ৫ এর বিচারক শাহেদ নূর উদ্দীন এই রায় দেন।

২১ আগষ্ট গ্রেনেড হামলায় মামলার ঘটনা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাবজ্জীবন সাজা হওয়ার মধ্যে দিয়ে প্রমাণিত হলো যে, এদেশে কোন নাগরিকের আর সুবিচার পাওয়ার অধিকার নেই।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, রায়ের ঘটনার রাজনৈতিক কর্মসূচি ও আইনি কর্মসূচি- দুটাই থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ প্রমুখ।

তারেক রহমানের যাবজ্জীবন সাজার প্রতিবাদে অপর এক সংবাদ সম্মেলনে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী।

কর্মসূচির মধ্যে রয়েছে, ১১ অক্টোবর বিএনপির উদ্যোগে ঢাকাসহ মহানগরীর জেলা ও থানায় বিক্ষোভ, ১৩ অক্টোবর ঢাকাসহ সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ, ১৪ অক্টোবর সারাদেশে যুবদলের বিক্ষোভ, ১৫ অক্টোবর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সারাদেশে বিক্ষোভ, ১৬ অক্টোবর বিএনপির উদ্যোগে ঢাকা মহানগরসহ সারাদেশের সকল জেলা ও মহানগরে কালো পতাকা মিছিল, ১৭ অক্টোবর মহিলা দলের উদ্যোগে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন এবং ১৮ অক্টোবর শ্রমিক দলের উদ্যোগে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed