Main Menu

হবিগঞ্জে বাছিত হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে বাছিত চৌধুরী নামে এক যুবক হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১০ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নাছিম রেজা এ রায় দেন।

দণ্ডাপ্রাপ্তরা হলেন, জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গামের আব্দুল হাইয়ের ছেলে সাকিউর চৌধুরী এবং একই গ্রামের রমিজ মিয়ার ছেলে গাজীউর চৌধুরী।

মামলা সূত্রে জানা যায়, হত্যার শিকার বাছিত চৌধুরী শিবপাশা গ্রামের মৃত বদিউজ্জামান চৌধুরীর ছেলে। ২০১৩ সালের ৯ জুন রাত ১০টার দিকে বাছিতকে বাড়ি থেকে ডেকে একই গ্রামের মুন্সিহাটিতে নিয়ে যান সাকিউর ও গাজিউর। পরে তারা আরও কয়েকজনের সহযোগিতায় বাছিতকে হত্যা করে মরদেহ হাওরের নাইয়াহারা বিলের পানির নিচে পুঁতে রাখেন। বাছিতের কোনো খোঁজ না পেয়ে তার ভাই জিশু মিয়া চৌধুরী ১৩ জুন আজমিরীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর পর পুলিশ সাকিউর ও গাজিউরকে ধরে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যা ও মরদেহ গুম করার কথা স্বীকার করেন। ২৪ জুন পুলিশ বিল থেকে মরদেহটি উদ্ধার করে। ওই দিনই জিশু মিয়া চৌধুরী ওই দুজনসহ ১২ জনকে আসামি করে আজমিরীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে আজমিরীগঞ্জ থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযোগের প্রমাণ পাওয়ায় বুধবার দুজনকে মৃত্যুদণ্ড দেন বিচারক। আর অভিযোগ প্রমাণ না হওয়ায় বাকি আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।

রায় ঘোষণার সময় সাকিউর চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। ওপর আসামী গাজিউর পলাতক আছেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন হবিগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক। তিনি বলেন, যারা ঘটনার নায়ক ছিল তাদের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এতে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।

Share





Related News

Comments are Closed