Main Menu

সুনামগঞ্জে ঘুষিতে বৃদ্ধের মৃত্যু, ঘাতক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুর গ্রামের রাস্তায় কিল-ঘুষিতে সুনীল চন্দ্র পাল (৬৫) নামের এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুর গ্রামের হাবিবুর রহমান রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ফেরিওয়ালা সুনীল চন্দ্র পাল একই ইউনিয়নের আকিলপুর গ্রামের ক্ষিরদ চন্দ্র পালের পুত্র। এ ঘটনায় সদর উপজেলার বীরপুর গ্রামের হাবিব উল্লাহর পুত্র আব্দুর রউফকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শনিবার সন্ধ্যায় বিভিন্ন গ্রামে ফেরি করে সবজি বিক্রি করে বাড়ি ফেরার পথে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুর গ্রামের হাবিবুর রহমান রাইস মিলের সামনে গেলে একই ইউনিয়নের বীরপুর গ্রামের আব্দুর রউফ (৫০) ফেরিওয়ালা সুনীল চন্দ্র পালের হাতে থাকা একটি চাল কুমড়ার দাম জিজ্ঞেস করে। এ সময় সুনীল চাল কুমড়াটি বিক্রি করবে না বলে জানায়। এতে সুনীল ও আব্দুর রউফের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুর রউফ সুনীলকে কিল ঘুষি ও লাথি মারতে থাকে। এক পর্যায়ে সুনীল মাটিতে লুঠিয়ে পড়লে স্থানীয়রা তাকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সুনীলকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘাতক আব্দুর রউফকে আটক করেছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক আব্দুর রউফকে পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed